দলছুট জঙ্গি রাশিদুলকে তাঁর পূর্বপরিচিত জঙ্গিরাই হত্যা করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে। এই হত্যায় জড়িত থাকতে পারে, এমন সন্দেহভাজন তিন জঙ্গির নাম পুলিশকে বলেছেন নিহত রাশিদুলের স্ত্রী। তিনজনই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ সূত্র জানায়।জয়পুরহাটে একটি মামলায় ২০ বছর সাজাপ্রাপ্ত রাশিদুল জেএমবি ছাড়ার পর আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল বলে তাঁর স্ত্রী আলীফ নূর, বাবা আব্দুন নূর গতকাল মঙ্গলবার প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধিকে জানান। রাশিদুলের বাবা এ বিষয়ে মাস দুয়েক আগে স্থানীয় দণ্ডপাল ইউনিয়ন পরিষদের সদস্য মো. মশিউর রহমানের সঙ্গে পরামর্শও করেন। মশিউর রহমানও একই তথ্য জানিয়েছেন প্রথম আলোকে। গত সোমবার সকালে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে লোকজনের সামনে রাশিদুলকে নৃশংসভাবে হত্যার পর বোমা ফাটিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। রাশিদুল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উত্তরা শাখায় ইসলামি স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজধানীর উত্তর খান থানার ময়নারটেক করাইহাতী মসজিদে ইমামতি করতেন এবং ওই এলাকার চানপাড়ায় ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় রাশিদুলের স্ত্রী আলীফ নূর বাদী হয়ে উত্তরা থানায় মামলা করেন। তিনি সম্ভাব্য ঘাতক হিসেবে রাশিদুলের পূর্বপরিচিত আল-আমিন, আকাশ ও নাদিমের নাম মামলায় উল্লেখ করেছেন। তাঁদের কাউকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি।তবে এ ঘটনায় সোমবার সন্দেহমূলকভাবে আটক চারজনকে গতকালও ছাড়া হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে জানিয়েছেন। এই চারজনের মধ্যে মিজানুর রহমান দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে রাশিদুলের সহপাঠী ছিলেন। তিনি রাশিদুল হত্যার একজন প্রত্যক্ষদর্শীও। এ ছাড়া তিনি রাশিদুলের জন্য ইমামতির চাকরির ব্যবস্থাও করেন। আটক বাকি তিনজন জামাল, দুলাল ও মোকাম্মেল আপন ভাই। তাঁদের সঙ্গে একই বাসায় ভাড়া থাকতেন রাশিদুল ও তাঁর স্ত্রী আলীফ নূর। তাঁরা পুলিশকে জানান, ওই বাসায় একটি কক্ষে তাঁদের বোনের সঙ্গে আলীফ নূর ও তাঁর ছোট সন্তান থাকতেন। রাশিদুল ঘুমাতেন মসজিদে। আর তাঁর বড় সন্তান ঠাকুরগাঁওয়ে নানার বাড়িতে থাকত।ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, নিহত রাশিদুলের স্ত্রীর কাছ থেকে তিনটি তদন্ত সূত্র (ক্লু) পাওয়া গেছে। তদন্তে এর সত্যতাও মিলেছে। তিনি জানান, রাশিদুলের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ ও ৯ জানুয়ারি উত্তর খান থানার ময়নারটেকে ওয়াজ মাহফিলের শেষ দিনে রাশিদুল তাঁর বক্তব্যে জঙ্গি তত্পরতার সমালোচনা করেন। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে তিন যুবক নিজেদের জেএমবি সদস্য পরিচয় দিয়ে রাশিদুলের কাছে তাঁর বক্তব্যের পক্ষে যুক্তি জানতে চান। ঘটনাটি পরে রাশিদুল স্ত্রীকে বলেছেন। আলীফ নূর পুলিশকে আরও জানান, দুই দিন আগে আল-আমিন নামে অপর এক জঙ্গি করাইহাতী মসজিদে গিয়ে রাশিদুলের খোঁজ করেন। না পেয়ে সেখানকার একজনের কাছ থেকে রাশিদুলের মোবাইল ফোনের নম্বর সংগ্রহ করেন। পরে জঙ্গিরা ফোন করে রাশিদুলের বক্তব্যের পক্ষে যুক্তি চাইলে তিনি এ বিষয়ে শায়েখ আকরামুজ্জামানের (জেএমবির প্রতিষ্ঠাতা শুরা সদস্য নসরুল্লাহর আপন চাচা ও এ দেশে নিষিদ্ধ কুয়েতভিত্তিক এনজিও রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির সাবেক পরিচালক) সঙ্গে আলোচনা করেন। আকরামুজ্জামান নিজের লেখা ‘ইসলামের দৃষ্টিতে চরমপন্থা জঙ্গিবাদ ও সন্ত্রাস,’ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের লেখা ‘ইসলামের নামে জঙ্গিবাদ’ শীর্ষক দুটি বই রাশিদুলকে দেন। ওই বই দুটি নিয়ে তিনি সোমবার ময়নারটেকের বাসা থেকে বের হন। স্ত্রীকে বলে যান, আল-আমিন, আকাশ ও নাদিমকে হেদায়েত করতে বই দুটি নিয়ে যাচ্ছি। এটাই স্ত্রীর সঙ্গে রাশিদুলের শেষ কথা ছিল বলে আলীফ নূর পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার গতকাল গণমাধ্যমকে বলেছেন, ‘এ রকম সংগঠনের মধ্যে যদি এমন দ্বন্দ্ব হয়, তাহলে আদর্শিকভাবে তাদের শক্তি অনেক কমে যাবে। পরবর্তী পর্যায়ে তাদের তত্পরতাও অনেক ক্ষীণ হয়ে আসবে।’ মাদ্রাসায় পড়তে গিয়ে জেএমবিতে জড়ান রাশিদুলআমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে রাশিদুলের মরদেহ দাফন করা হয়। এর আগে বেলা ১১টায় তাঁর মরদেহ বহন করা অ্যাম্বুল্যান্সটি বাড়িতে এসে পৌঁছায়।পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানায়, রাশিদুল প্রথমে স্থানীয় ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েন। পরে গাইবান্ধা জেলার সোলাগাড়ি দাখিল মাদ্রাসা থেকে ২০০০ সালে দাখিল পাস করেন। ২০০২ সালে গাইবান্ধার মহিমাগঞ্জ মাদ্রাসা থেকে আলিম পাস করেন। এই মাদ্রাসায় পড়ার সময় ২০০১ সালে তিনি জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে তিনি আঞ্চলিক কমান্ডার হিসেবে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় জেএমবিকে সংগঠিত করার দায়িত্ব পান। ২০০৫ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আছিরউদ্দিনের মেয়ে আলীফ নূরকে বিয়ে করেন।আলীফ নূর জানান, বিয়ের পর তাঁরা প্রথমে দিনাজপুর জেলার ফুলবাড়ীতে ছিলেন। এরপর ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় দুই বছর, চামারখানে ১০ মাস এবং সর্বশেষ চার মাস আগে উত্তর খানের চানপাড়ার কাজিবাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করছিলেন। আলীফ নূরের বাবা আছিরউদ্দিন বলেন, তাঁর মেয়ে নিজের সিদ্ধান্তে রাশিদুলকে বিয়ে করেছে। রাশিদুল জেএমবিতে যুক্ত, এটা বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকজন জানতেন। বিয়ের সময় আলীফ নূর স্থানীয় মথুরাপুর হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্রী ছিল। এক মাস আগে রাশিদুল শ্বশুরবাড়িতে বেড়িয়ে গেছেন বলেও আছিরউদ্দিন জানান। পুলিশ সূত্র জানায়, রাশিদুল জয়পুরহাটে অস্ত্র মামলায় ২০ বছর ছাড়াও ঠাকুরগাঁওয়ের সিরিজ বোমা হামলার মামলায় ৩২ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জমিরউদ্দিন জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় পঞ্চগড়ের মামলায় রাশিদুল আসামি ছিল। অবশ্য অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।