পূর্বাঞ্চলে রাজনৈতিক বিবেচনায় ট্রেনের ২৩ স্টপেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হাসানপুর স্টেশনে ঢাকা মেইল ট্রেনের নতুন স্টপেজ করা হয়েছে। সেখানে থামার কারণে ট্রেনটির পরিচালন সময় ও জ্বালানি খরচ উভয়ই বেড়েছে। অথচ সেখানে আশানুরূপ যাত্রী মিলছে না। এই স্টপেজের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কোনো লাভ না হলেও যাত্রীদের জন্য যোগ হয়েছে বাড়তি দুর্ভোগ।রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের নির্বাচনী এলাকা এবং আশপাশের যাত্রীদের সুবিধার্থে হাসানপুরে এই স্টপেজটি করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এভাবে রেলের পূর্বাঞ্চলে কেবল বর্তমান সরকারের আমলেই আন্তনগরসহ বিভিন্ন ট্রেনের ২৩টি নতুন স্টপেজ করা হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রামের দুই প্রান্ত থেকে প্রতি রাতে ছেড়ে আসা ঢাকা মেইল দিনের বেলায় আন্তনগর চট্টলা যাত্রী পরিবহন করে থাকে। গত বছরের ২ সেপ্টেম্বর হাসানপুরে চট্টলার স্টপেজ করা হয়। সর্বশেষ গত ১ জানুয়ারি একই স্টেশনে ঢাকা মেইলেরও স্টপেজ করা হয়েছে। কিন্তু স্টপেজ করায় সেখানে যাত্রী বাড়ছে, এমনটি নয়।জানা যায়, গত ১১ জানুয়ারি হাসানপুর স্টেশন থেকে ২৭ যাত্রী ৮১০ টাকা দিয়ে টিকিট কিনে ঢাকা মেইলে ওঠেন। এরপর ১২ জানুয়ারি ৪৮ যাত্রী এক হাজার ৭০৫ টাকা, ১৩ জানুয়ারি ৪৯ যাত্রী এক হাজার ৭৬৮ টাকা, ১৪ জানুয়ারি ২১ যাত্রী ৮৭৫ টাকা, ১৫ জানুয়ারি ২৯ যাত্রী এক হাজার ৪৫ টাকা, ১৬ জানুয়ারি ৩১ যাত্রী ৯৫০ টাকা দিয়ে টিকিট কিনে ওঠেন ঢাকা মেইলে। একই চিত্র দেখা গেছে গত মে মাসেও; টিকিট বিক্রি আগের তুলনায় বাড়েনি।রেলওয়ে সূত্র জানায়, এই সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় আন্তনগর ট্রেন তূর্ণা, প্রভাতী, গোধূলি, জয়ন্তিকা, উপকূল, পাহাড়িকা, উদয়ন ও পারাবতসহ বিভিন্ন ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ট্রেনের স্টপেজ বাড়ানো হলে জ্বালানি খরচ বাড়ে। সেই তুলনায় টিকিট বিক্রি না হলে লোকসান গুনতে হয়। এদিকে যত্রতত্র স্টপেজ দেওয়ার কারণে আন্তনগরসহ বিভিন্ন ট্রেনের পরিচালন সময় বেড়েছে। এতে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেন। ফলে দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী প্রভাতী ও চট্টগ্রামগামী গোধূলি ট্রেনকে এখন নতুন স্টপেজ লাকসাম স্টেশনে থামতে হচ্ছে। এ কারণে গন্তব্যে পৌঁছাতে পৌনে সাত ঘণ্টার পরিবর্তে এখন আট থেকে সাড়ে আট ঘণ্টা লেগে যাচ্ছে। একইভাবে চট্টগ্রাম-সিলেট পথের পাহাড়িকা এক্সপ্রেসের স্টপেজ করা হয়েছে হরসপুর, লাঙ্গলকোট ও কসবা স্টেশনে। ট্রেনটি আগে যেখানে নয় ঘণ্টায় গন্তব্যে পৌঁছাত, এখন পৌঁছায় ১০ থেকে সাড়ে ১০ ঘণ্টায়।একইভাবে ঢাকা-নোয়াখালী পথে বজরা ও নাথেপেটুয়া স্টেশনে উপকূল এক্সপ্রেসের নতুন স্টপেজ করা হয়েছে। এ জন্য ট্রেনটির পরিচালন সময় পাঁচ ঘণ্টা ৫০ মিনিট থেকে বেড়ে সাত থেকে সাড়ে আট ঘণ্টা হয়েছে। ঢাকা-সিলেট জয়ন্তিকার স্টপেজ মুকুন্দপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা হয়েছে। এতে পরিচালন সময় সাত ঘণ্টা থেকে বেড়ে আট কিংবা নয় ঘণ্টা হয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর পথে মেঘনার স্টপেজ লাঙ্গলকোট ও মধুরোড স্টেশনে করা হয়েছে। এটিরও পরিচালন সময় এক ঘণ্টা বেড়ে গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নতুন নতুন স্টপেজ করায় ট্রেনভ্রমণেও এখন যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য স্টপেজ বাড়িয়ে ট্রেনের আবেদন নষ্ট করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।নিজ নির্বাচনী এলাকার পাশে হাসানপুরে আন্তনগর চট্টলা ও ঢাকা মেইলের স্টপেজ দেওয়ার কারণ জানতে চাইলে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থে এটা করা হয়েছে।’ আন্তনগর ট্রেনের স্টপেজ মফস্বলে করা উচিত হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশের সব এলাকার নাগরিকের সমান অধিকার রয়েছে। তবে এতে দূরপাল্লার যাত্রীদের একটু কষ্ট বেড়েছে। এ জন্য আমি ওই যাত্রীদের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’