পৃথক অভিযোগে দুদকের দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি আমদানিতে শুল্ক ফাঁকি দেওয়া ও অবৈধ উপায়ে অর্থ পাচারের অভিযোগে রাজধানীতে আজ বৃহস্পতিবার দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদেশ থেকে আমদানি করা গাড়িকে একটি নির্দিষ্ট কোটায় চিহ্নিতকরণ ও সঠিক পরিমাণ শুল্ক না দিয়ে তা ছাড় করার অভিযোগে একটি মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়। দুদকের সহকারী পরিচালক সুমিত্রা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় গাড়ি জাহাজীকরণের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ মাহবুবুল হক, ভুয়া নথিপত্র তৈরি ও জমা করার কারণে সিঅ্যান্ডএফ কোম্পানির দুই কর্মকর্তা মো. তৈয়ব উল্লাহ ও মো. সামসুল হক এবং গাড়ি বাংলাদেশে গ্যারেজকরণের দায়ে গাড়িচালক মো. খুরশিদ আলমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, ব্রিটিশ নাগরিক মাহবুবুল হক ‘কারনেট ডি প্যাসেজ’ কোটায় ব্রিটেনের ফেলিক্সটোই বন্দর থেকে একটি গাড়ি বাংলাদেশে পাঠান। নিয়মানুযায়ী, কারনেট ডি প্যাসেজের আওতায় গাড়ি অস্থায়ীভাবে এক দেশ থেকে অন্য দেশে আমদানি করা হয় এবং এতে সংশ্লিষ্ট দেশের বন্দর তথা সরকারকে অনেক উচ্চ হারে রাজস্ব দিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে মাহবুবুল হকের পাঠানো গাড়িটি ছাড়াতে চট্টগ্রাম বন্দরে ‘কারনেট ডি প্যাসেজ’-এর শুল্ক না দিয়ে, ভুয়া কাগজ ও নথিপত্রের সাহায্যে সাধারণ হারে ও ‘নিয়মিত বাণিজ্যিক আমদানি কোটায়’ শুল্ক দিয়ে গাড়ি ছাড়ানো হয়। নির্দিষ্ট কোটায় শুল্ক না দেওয়ায় সরকারের ক্ষতি হয়েছে ৮১ লাখ নয় হাজার ৫১৩ টাকা। আর ঘোষণার অতিরিক্ত ৩৮ হাজার ৪৪০ কেজি বিশেষায়িত তালা (প্যাডলক) আমদানি ও তাঁর দাম হিসাবে দুই কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৩০ টাকা অবৈধ উপায়ে বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় অপর মামলাটি হয়েছে। এতে বাদী হয়েছেন দুদকের উপসহকারী পরিচালক রেজাউল হোসেন তরফদার।মামলায় মেসার্স ইয়াবার ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. সাহাবুদ্দিন, ব্যুরো ভেরিতাসের খুলনা শাখার রিজিওনাল ম্যানেজার কে এইচ সাজ্জাদুর ইসলামকে আসামি করা হয়েছে।