পৃথক আগুনে দুটি কারখানা পুড়ে গেছে, ১০০ কোটি টাকার ক্ষতি
চট্টগ্রামে গত বৃহস্পতিবার রাতে পৃথক অগ্নিকাণ্ডে দুটি কারখানা পুড়ে গেছে। এর মধ্যে সাগরিকা রোডের বিডি সি ফুড নামে একটি মত্স্য প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। আগুনে কারখানাটির পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। অপর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় চন্দনপুরার এস কে ওয়াশিং নামে একটি প্লান্টে। বিডি ফুডের আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস জানায়। তবে বিডি ফুড কর্তৃপক্ষ আগুনে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছে। আগুনে তাদের ৩৫০ টন রপ্তানিযোগ্য মাছ, প্রকল্পের দুটি প্লান্ট, এয়ারকুলার ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, নগরের সাগরিকা রোডে বিডি ফুড সি ফুডের তিনতলা বিশিষ্ট কারখানায় রাত পৌনে ১০টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, বিডি ফুড লিমিটেডের মো. আরিফ, মো. ইছহাক, মো. সরওয়ার, মো. বেলায়েত ও অপরজন অজ্ঞাত। শেষ তিনজন কারখানার শ্রমিক। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়। তবে প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, তাঁদের ৩৫০ টন মাছ ছাড়াও পুরো প্লান্ট পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। জনৈক বদরুল হায়দার এই কারখানাটির চেয়ারম্যান। এদিকে নগরের চন্দনপুরায় সাফা আর্কেডের পেছনে এস কে ওয়াশিং নামের একটি কারখানায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানায়। জানা গেছে, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আধঘণ্টা চেষ্টা করে শিমুল বড়ুয়ার এই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।