পৃথক আট মামলায় জাহিদের জামিন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকে পৃথক আটটি মামলাতেই জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। রাজধানীর নাখালপাড়ায় একটি হাসপাতাল ভবনের ভিত তৈরির জন্য খোঁড়া গর্তের সীমানা ধসে পড়ার ঘটনায় পৃথক ওই আটটি মামলা করা হয়। গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ চিকিৎসক জাহিদকে আদালতে হাজির করে আটটি মামলায় সাত দিন করে মোট ৫৬ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, ইমপাল্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওই ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। এ ঘটনায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে আবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত পক্ষ আরও সাতটি মামলা করেছে, যা তদন্তাধীন।আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, হাসপাতালের ভবন নির্মাণকাজের সঙ্গে এম এ জাহিদের কোনো সম্পৃক্ততা নেই। ইমপাল্স কলেজ ও হাসপাতালে তাঁর কোনো মালিকানা নেই। হয়রানি করার জন্য তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষে সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ জামিনের বিরোধিতা করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেওয়ার উপাদান উপস্থাপনে ‘ব্যর্থ হওয়ায়’ আদালত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।মামলায় অভিযোগ করা হয়, আলোচ্য ভবনের ভিত তৈরির জন্য খোঁড়া গর্তের প্রান্ত ধসে পড়লে দুটি একতলা বাড়ি, একটি রাস্তার অংশবিশেষ ও একটি টিনশেড ঘর ওই গর্তে পড়ে যায়। আশপাশের দুটি পাঁচতলা বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে ফাটল ধরে। গত রোববার মগবাজারের উদয়ন টাওয়ারের চেম্বার থেকে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। সাত মামলায় জাহিদসহ ইমপাল্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলী জহির আল আমিন, পরিচালক খালেদা ইয়াসমিন, প্রকল্প পরিচালক অধ্যাপক শাহ আলম, মেজর (অব.) আলমগীর হোসেন, অধ্যাপক শামসুজ্জামান এবং পাঁচ প্রকৌশলী—অসীম গোস্বামী, সুরজিৎ দত্ত, জি এম হাফিজ, মো. আলমগীর হোসেন ও আ. রবকে আসামি করা হয়। ক্ষতিগ্রস্ত ভবনের মালিক হারুনুর রশিদ, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন ও আলমগীর শেখ বাদী হয়ে এই মামলাগুলো করেন। এ ছাড়া রাজউকের মহাখালী জোনের কর্মকর্তা শফিকুল ইসলাম একটি মামলা করেন। এদিকে ইমপাল্স হাসপাতালের জায়গার মালিকানা দাবি করেছেন ভাসানটেকের বাসিন্দা ও ব্যবসায়ী রমিজ উদ্দিন। গতকাল ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই জমির মালিকানা নিয়ে ঢাকার জেলা জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা রয়েছে। রমিজ উদ্দিন বলেন, আপিল আদালতে মামলা চলার সময়ে গত বছরের জুন মাসে চিকিৎসক আলী জহির আল আমিন হাসপাতালের নামে কাজ শুরু করেন। বিএনপির অভিযোগবিএনপি গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, সরকারবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সংগঠিত করার কারণেই ড্যাবের নেতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নির্জলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল দাবি করেন, ইমপাল্স হাসপাতালের সঙ্গে জাহিদ কিংবা তাঁর কোনো স্বজনের সম্পৃক্ততা নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। নিজেদের রাজত্ব দীর্ঘস্থায়ী করতে তারা পোড়ামাটি-নীতি অবলম্বন করেছে। ক্লিনিক থেকে নিয়ে যাওয়ার পর জাহিদের ওপর নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (বাংলাদেশ ন্যাপ) চিকিৎসক জাহিদকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।