পৃথক জাতিসত্তা হিসেবে স্বীকৃতি চায় আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের পৃথক জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আদিবাসীরা এটা মেনে নেবে না। তারা পৃথক জাতিসত্তা হিসেবে তাদের স্বীকৃতি চায়। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রা ও সমাবেশে এসব কথা বলা হয়। শোভাযাত্রা উদ্বোধনের পর আইন ও সালিসকেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই দাবি আদায়ের জন্য নতুন করে সংগ্রাম শুরু করতে হবে। গত ৪০ বছর ধরে বাংলাদেশের আদিবাসীরা শোষণ ও বঞ্চনার শিকার। সরকার তাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। তাই অধিকার আদায়ে তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আদিবাসীদের স্বীকৃতি দেওয়া না হলে তা হবে বিশ্বাসঘাতকতার শামিল। তাদের আত্মপরিচয়ের ব্যাপারে মানবাধিকার কমিশন নীরব থাকতে পারে না। তিনি বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করতে হবে। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতেও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করেনি। তারা তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে। চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে আদিবাসীদের আত্মপরিচয়ের অধিকার সরকার অস্বীকার করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলেও আইএলও কনভেনশন ১০৭ স্বাক্ষর করা হয়েছিল। তখন বলা হয়নি দেশে কোনো আদিবাসী নেই। সমাবেশে হাসানুল হক ইনু, মনজুরুল আহসান খান, ফজলে হোসেন বাদশা, শক্তিপদ ত্রিপুরা, প্রমুখ উপস্থিত ছিলেন।