পৃথক দুই মামলায় সাঈদীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
পৃথক দুই মামলায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় আজ সাঈদীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এ সময় সাঈদীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। বিচারক তোফায়েল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এ মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়েছিল। সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় করা অপর মামলায় সাঈদীকে আজ মহানগর হাকিম রোকসানা বেগমের আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।