বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পৃথক প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আগে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।নাজমুল হুদা বলেন, ‘আমি বিএনপিতে আছি, বিএনপিতে থাকব। কেউ আমাকে বিএনপি থেকে সরাতে পারবে না।’বহিষ্কার প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘নেতা-নেত্রী পর্যায়ে যেকোনো কারণে দূরত্ব সৃষ্টি হতেই পারে। তবে মাঠকর্মীদের কাছে আমার অবস্থান কেউ টলাতে পারবে না। আমার নির্বাচনী এলাকা ঢাকার নবাবগঞ্জ ও দোহারের (ঢাকা-১) জনগণের চাপেই দেশনেত্রীকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’নাজমুল হুদা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে পৃথক প্যানেল দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘পত্রিকায় দেখেছি, আমার কোনো ভোটার নেই বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে আমি প্রার্থী হলে জাতীয়তাবাদী প্যানেলের নিশ্চিত পরাজয় হবে। তখন আমাকে দোষারোপ করা যাবে না।’নাজমুল হুদা দুই নেত্রীকে এক টেবিলে বসানোর তাঁর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করে বলেন, দেশ এখন দুই মেরুতে বিভক্ত। এর থেকে উত্তরণ এবং নেতিবাচক রাজনীতির অবসানে দুই নেত্রীর এক টেবিলে বসার কোনো বিকল্প নেই।নাজমুল হুদা আরও বলেন, ‘দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সর্বশেষ আশ্রয়স্থল সর্বোচ্চ আদালতে দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধে ইন্ডিপেন্ডেন্ট লইয়ার্স ফোরাম (আইএলএফ) গঠন করেছি। এ ফোরাম সারা দেশের আইনাঙ্গনে আইনজীবীদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে।’ —বাসস