পৃথক প্রেম, একসঙ্গে বিয়ে
বিয়ের মঞ্চ প্রস্তুত। বরপক্ষ কনেবাড়িতে পৌঁছেছে। আমন্ত্রিত অতিথিরা আছেন খোশ মেজাজে। হঠাৎ দৃশ্যপটে হাজির বরের প্রেমিকা। হাঁক ছাড়লেন, ‘আমি এ বিয়ে মানি না। আমাকে ও ঠকিয়েছে। আমি আমার ভালোবাসার স্বীকৃতি চাই।’কনের ঘরে গুঞ্জন পৌঁছে গেল। কনের সঙ্গেও তো বরের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই থেকে বিয়ে। কনের নাম সুমী আক্তার। বর আহমদ হোসেন। আর আগন্তুক প্রেমিকার নাম বেবী আকতার। তিনি উপস্থিত সবাইকে জানান, আহমদ হোসেনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলেন আহমদ হোসেন। এখন অন্য মেয়েকে বিয়ে করার খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। বেবীর কথায় সবারই যেন মাথায় হাত। সুমীর মা-বাবা এবং আহমদ হোসেনের মা লোকলজ্জায় চোখের পানি ঝরান। একপর্যায়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত দেন, আহমদ হোসেনের সঙ্গে তাঁর দুই প্রেমিকারই বিয়ে হবে। হয়েছেও তা-ই।ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। উপজেলার রাজানগর ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আহমদ হোসেন ও পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফ আলীর মেয়ে সুমী আকতারের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিল। বিষয়টি তাঁরা নিজ নিজ পরিবারকে জানানোর পর বিয়ের সিদ্ধান্ত হয়। গত ৪ এপ্রিল ছিল বিয়ের তারিখ। বরযাত্রী দুপুরে যথারীতি কনেবাড়িতে উপস্থিত। আক্দ পড়ানো হবে এমন সময় হঠাৎ আহমদ হোসেনের ভালোবাসার দাবি নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আফসার উদ্দিনের মেয়ে বেবী আকতার।আহমদ হোসেন বলেন, ‘বেবী আকতারের সঙ্গে সম্পর্ক থাকলেও সুমীকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। কিন্তু বিয়ের অনুষ্ঠানে বেবীর উপস্থিতিতে বিব্রত হলেও তাকেও স্ত্রীর মর্যাদা দিয়েছি।’ বেবী বলেন, ‘ভালোবাসার মর্যাদা পেয়েছি।’ আর সুমী? বললেন, ‘ভাগ্যে যা ছিল তা-ই হয়েছে।’বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই লাখ টাকা কাবিননামায় আহমদ হোসেনের সঙ্গে সুমী ও বেবীর বিয়ে হয়েছে।’সুমীর বাবা আশরাফ আলী বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। এখন এ নিয়ে কথা বাড়িয়ে লাভ কী।’ বেবীর মা আয়েশা খাতুন বলেন, ‘আহমদের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। মেয়ে স্বেচ্ছায় বিয়ে করেছে। কিন্তু এখন তার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত।’বিয়ের কাজী আলমগীরের (৩৫) সঙ্গে গতকাল মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে রাঙ্গুনিয়া কাজী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে বলেন, ‘দুই মেয়ের পরিবার রাজি থাকলে এ বিয়েতে ধর্মীয়ভাবে কোনো ঝামেলা নেই।’ তবে চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সেকান্দার হোসেন বলেন, ‘এ বিয়ের মাধমে সুমীর পরিবারের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’ রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি জহুরুল আনোয়ার বলেন, দুজনের কাউকে বিয়ে না দিয়ে ওই যুবকের চরিত্র স্খলনের বিচার করা উচিত ছিল।