বেপরোয়া গতিতে গাড়িচাপা দিয়ে মৃত্যু ঘটানোর দায়ে এক গাড়িচালককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার আগে দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন পালিয়ে যান।আদালত সূত্রে জানা যায়, আসামি গাড়িচালক ফারুক হোসেন সকালে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেও রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না।রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত আসামিকে ২৭৮ ধারায় দোষী সাব্যস্ত করে এক বছর ও এক হাজার টাকা জরিমানা এবং ৩০৪/বি ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন।২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর খিলক্ষেত থানাধীন আমতলা হাজিবাড়ী কবরস্থানের সামনে একটি ট্রাক এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী নাসিমা আক্তার রিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।মিরপুর থানার মামলা বেপরোয়া গতিতে এক পথচারীকে চাপা দিয়ে মারার দায়ে লেগুনা গাড়ির চালককে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন পৃথক আদালত। ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন জামিনে পলাতক।ঘটনার বিবরণে বলা হয়, ২০০৩ সালের ১৬ জুলাই নূর মোহাম্মদ মুন্সী তাঁর নাতনি নাজমাকে নিয়ে মিরপুর পাইকপাড়া সড়ক গবেষণারের সামনের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির লেগুনা গাড়ি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই নূর মোহাম্মদ মারা যান। ঘটনাস্থল থেকে চালক ও গাড়িটি আটক করা হয়। এ ঘটনায় মিরপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম মামলাটি দায়ের করেন। ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ দণ্ডবিধির ২৭৯ ও ৩০৪বি ধারায় অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষ চারজন সাক্ষী আদালতে উপস্থাপন করে। আসামিপক্ষ থেকে তাঁদের জেরা করা হয়নি।সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম আইন অধিকারকে বলেন, এ ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে।