পৃথক মামলায় বিএনপির নেতা ইলিয়াসসহ ১১২ জনের জামিন
পৃথক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের ১১২ নেতা-কর্মীর দুই মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে ঢাকা ও সিলেটে করা পৃথক ১০টি মামলায় এম ইলিয়াস আলী, ঢাকা মহানগর বিএনপির নেতা আব্দুস সালাম এবং এম এ কাইউমসহ শতাধিক নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে জামিন চান।তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।পরে মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৮ ডিসেম্বর ঢাকা ও সিলেটে এসব মামলা দায়ের করা হয়। সিলেটে ছয়টি ও ঢাকায় চারটি মামলা হয়। এম ইলিয়াস আলীসহ পৃথক মামলায় ১১২ জনের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত।