পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে।মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, আজ দুপুর পৌনে দুইটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি পার্শ্ববর্তী একটি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নাছির মিয়া (৪০) নিহত হন। চালকের সহকারী দুলাল মিয়াকে (৪৫) গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়াও বাসের প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত হওয়া বাসচালক নাছির মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ধরতলা গ্রামে। চালকের সহকারী দুলাল মিয়ার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়েরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের পাশে মির্জা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বৃদ্ধ ও অন্যজন যুবক। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। আহত হওয়া যাত্রীদের উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানিয়েছেন, আজ দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারকোনা নামক স্থানে (ফুলবাড়ী-বিরামপুর সড়কে) যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে রিকশাভ্যানটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুলতানা আক্তার (২৫) নিহত এবং একই পরিবারের অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে সুলতানার মেয়ে সুমাইয়া আক্তার (১১) ও চাচাতো বোন সাবিনা ইয়াসমিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।নিহত ব্যক্তিরা উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর (তেঁতুলডাঙ্গা) গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী ও মেয়ে।