পৃথিবীতে শান্তি না এনে ঘরের ভেতরে দেখুন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অশান্তিতে রেখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গিয়ে শান্তি বিষয়ে ভাষণ দিচ্ছেন। এটি দুঃখজনক ও হাস্যকর। আজ রোববার রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভায় তিনি এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে শান্তির জন্য ছয়টি প্রস্তাব দিয়েছেন। আমি পড়ছিলাম আর মনে মনে হাসছিলাম।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘নিজের ঘরের ভেতরে একটু দেখুন। যে মুহুর্তে আপনার পুলিশের বুটের তলায় নিরীহ পথচারী পিষ্ট হচ্ছে, দুস্থ নারীরা ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার তুলে নিয়ে খাচ্ছে, তখন আপনি পৃথিবীতে শান্তি আনার জন্য বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন।’ ফখরুল বলেন, সরকারের ব্যর্থতায় এরই মধ্যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীতে এখন দলীয়করণ করা হয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি বিঘ্নিত হচ্ছে।