রোদ-ঝলমলে সকাল। প্রতিদিনের মতো স্কুল-কলেজপড়ুয়ারা ব্যাগ কাঁধে ছুটছিল নিজ নিজ পাঠশালার দিকে। তবে রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের কাছে দিনটি ছিল ভিন্ন রকম। সকালে কলেজের আঙিনায় পা রেখেই বিশ্ব পাঠশালায় অবগাহনের আমন্ত্রণ পেল তারা। ‘এসো পৃথিবীর পাঠশালায়’—স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হলো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকেই দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবের কার্যক্রম শুরু হলো গতকাল। কলেজের মাঠে বিশাল শামিয়ানা টানিয়ে বসার ব্যবস্থা। সামনে মঞ্চ। চারপাশে স্টল। সেগুলোর সামনে শিক্ষার্থীদের লম্বা সারি। গান বাজছে। সব মিলিয়ে কলেজের আঙিনাজুড়ে সত্যিকারের উৎসব।প্রথম দিন ঢাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এই ইন্টারনেট উৎসবে। এগুলো হলো: রেসিডেনসিয়াল মডেল কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয় (বালক শাখা), তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয় (বালিকা শাখা), গভ. ল্যাবরেটরি হাইস্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কাকলী উচ্চবিদ্যালয় এবং কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ। প্রায় চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব।এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব হবে। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এতে অংশ নেবে। তাদের মধ্য থেকে নির্বাচিত হবে ১২০ জন আই-জিনিয়াস। এদের মধ্য থেকে পর্যায়ক্রমে নির্বাচিত হবে আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার। গ্র্যান্ডমাস্টার পাবে নরওয়েতে শিক্ষাসফরের সুযোগসহ বিভিন্ন পুরস্কার। প্রথম দিনের উৎসবে আই-জিনিয়াস হওয়ার গৌরব অর্জন করেছে উৎসবকেন্দ্র রেসিডেনসিয়াল মডেল কলেজের দ্বাদশ বর্ষের বিজ্ঞানের শিক্ষার্থী আহমেদ ইফতেখার।গত বছর এই উৎসব হয়েছিল ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে। বিপুল সাড়া পাওয়ায় এবার উৎসবের পরিধি বাড়ানো হয়েছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। বাংলাদেশের কোনো অনুষ্ঠানে এই প্রথমবার গুগল, অপেরা ও ফেসবুক সহযোগী হিসেবে অংশ নিল। উৎসবের ব্যবস্থাপনা সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লি.। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা পরিচালনা করছেন এই দেশজোড়া উৎসবের বিপুল কর্মযজ্ঞ।গতকাল সকাল সাড়ে আটটা থেকে নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল উৎসবের উদ্বোধনী কার্যক্রম। যারা আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে চায়নি, তাদের জন্যও ছিল মজার মজার খেলা ও পুরস্কার। একটি স্টলের নাম ছিল ‘হ্যাপিনেস মেশিন’। সেখানে একটি মনিটরের সামনে মাইক্রোফোন হাতে দাঁড়াতে হয়। যান্ত্রিক কণ্ঠে ‘স্বাগতম’ জানিয়ে একটি প্রশ্ন দেওয়া হয় মনিটরে। মাইক্রোফোনে উত্তর বলার পর সেটি সঠিক হলেই আবার সরব হয়ে ওঠে সেই যান্ত্রিক কণ্ঠ—‘অভিনন্দন, তোমার জন্য রয়েছে পুরস্কার’। স্বয়ংক্রিয়ভাবেই মনিটরের তলার একটি ফোকর দিয়ে বেরিয়ে আসে পুরস্কার। সেটি কখনো উৎসবের লোগো আঁকা চার জিবির পেনড্রাইভ, কখনো স্কেল, টুপি, টি-শার্ট—এমন হরেক জিনিস।‘ম্যাজিক জোন’-এর মজাও কম ছিল না। সেখানে অবশ্য পুরস্কারের বন্দোবস্ত ছিল না। ফটো স্টুডিওর ডার্করুমের মতো একটি ঘর। দেয়ালে বিশাল মনিটর। সেখানে একের পর এক প্রশ্ন আসছে। সঠিক উত্তর চিহ্নিত করতে হবে। তবে কম্পিউটার মাউস নেই। মাউসের বদলে মাটিতে বিছিয়ে রাখা ছকের ওপর লাফিয়ে লাফিয়ে নিজেকেই মাউসের মতো কাজ করতে হয়েছে। এটাই খেলা। জমেও গিয়েছিল দারুণ!ওদিকে চলছিল আই-জিনিয়াসের প্রাথমিক পর্বের বাছাই প্রতিযোগিতা। পাঁচটি করে বুথ। সেখানে একটি চট স্ক্রিন ডিভাইস। প্রতিযোগীরা সেখানে তাদের নিবন্ধন নম্বর, নাম ও স্কুলের নাম লিখলে পর্যায়ক্রমে প্রশ্ন আসতে থাকে পর্দায়। যে যত কম সময়ে যত বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তার ভিত্তিতে আই-জিনিয়াসের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৫০ জনকে বাছাই করা হয়। এই ৫০ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপে নির্বাচিত করা হয় আই-জিনিয়াস। প্রত্যেকের হাতে একটি করে ব্রাউজার দেওয়া হয়। তিনটি প্রশ্ন। মুখে নয়, উত্তরটি দিতে হয় ইন্টারনেট ব্রাউজ করে। যে ঠিক ঠিক কাজটি করতে পারে, সবার আগে সে-ই এগিয়ে যায় পরের ধাপে। আই-জিনিয়াস আহমেদ ইফতেখার প্রথম আলোকে বলছিল, ‘হার্টবিট বেড়ে গেছে। বিশ্বাসই হচ্ছিল না আই-জিনিয়াস হতে পেরেছি।’ চূড়ান্ত পর্বে আই-জিনিয়াসের লড়াইটা হয়েছিল হাড্ডাহাডি। টাইব্রেকারে গড়িয়েছিল লড়াই। শেষ দুই প্রতিযোগীই ছিল রেসিডেনসিয়াল মডেল কলেজের।সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এলেন উৎসবকেন্দ্রে। তিনি বুথগুলো ঘুরে দেখেন। কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি উৎসবের উদ্বোধন করেন। উৎসবের পতাকা উত্তোলন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং এটুআই কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ কর্নেল মো. মোসলে উদ্দিন ভূঁইঞা। তিনি উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।মন্ত্রী শিক্ষার্থীদের বলেন, ‘আজকের দুনিয়ায় তথ্যপ্রযুক্তি হচ্ছে মানুষের একটি বড় শক্তি। এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে, জ্ঞানকে প্রসারিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে এর বিকল্প নেই। এ দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে।’ তিনি বলেন, কেবল শ্রেণীকক্ষ নয়, নিজেকে যোগ্য করে তুলতে সারা পৃথিবী থেকেই জ্ঞান অর্জন করতে হবে। মন্ত্রী এই আয়োজনের জন্য গ্রামীণফোন ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।গ্রামীণফোনের সিইও টোরে ইয়েনস বলেন, ইন্টারনেট আধুনিক জীবনযাত্রায় একটি অতিপ্রয়োজনীয় উপাদান হয়ে উঠেছে। ব্যবসা-বাণিজ্য, জ্ঞানবিজ্ঞান, শিক্ষা, সামাজিক যোগাযোগ—সব ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার প্রসারিত হচ্ছে। জাতির উন্নতির জন্যও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা ও আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে এই কার্যক্রম দেশের নতুন প্রজন্মকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহী করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।নজরুল ইসলাম খান বলেন, ‘এই বিরাট কর্মযজ্ঞ তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে। ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে তাদের সামনে বিশ্বের জ্ঞানভান্ডারের দরজা খুলে যাবে।প্রথম আলো সম্পাদক মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সেরা জ্ঞানভান্ডারের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে দক্ষ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের কাজের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এ দেশের অনেক সম্ভাবনা রয়েছে। তরুণ প্রজন্মই সেই সম্ভাবনাকে বাস্তব করে তুলতে পারে।গ্রামীণফোনের প্রধান কারিগরি কর্মকর্তা তানভীর মোহাম্মদ গ্রামীণফোনের বিভিন্ন সেবার কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। এরপর ছিল আই-জিনিয়াস নির্বাচনের পর্ব। এটি পরিচালনা করেন গ্রামীণফোনের কর্মকর্তা খায়রুল বাশার। এ পর্বে গতবারের আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার চৌধুরী সাদিদ আলম এবং আরও ১০ আই-জিনিয়াস মঞ্চে এসে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে নতুনদের উৎসাহ দেয়।তারপর জমে ওঠে প্রতিযোগিতা। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে চলবে এই জমজমাট উৎসব।