পৃথিবীর প্রাচীনতম নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এখানে ধু-ধু মরুভূমি। কিন্তু এখানেই একদিন ছিল পানির প্রবাহ, নদী। অস্ট্রেলিয়ার সিম্পসন মরুভূমির নিচে নদীপ্রবাহের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, পাঁচ কোটি বছর আগে এখানে পানির প্রবাহ ছিল। আর এই ধারণা সঠিক হলে এটিই হবে এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর প্রাচীনতম নদী। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ইন ক্যানবেরার মাইকেল হাচিংসন ও জন স্টেইন একদল তরুণ গবেষক নিয়ে অনেক দিন ধরেই ওই এলাকার ভূমিবৈচিত্র্য নিয়ে কাজ করছেন। মরুভূমির অনেক গভীর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন তাঁরা। বিজ্ঞানীদের ধারণা, নদীর পৃষ্ঠটি বর্তমান ভূপৃষ্ঠ থেকে অন্তত ৩৫ মিটার নিচে তলিয়ে গেছে। তাঁরা এখন সিম্পসন মরুভূমি এবং এর আশপাশ এলাকা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই এলাকায় পরিবেশ বিপর্যয় ও সভ্যতার বিকাশের অনেক প্রমাণ পাওয়া যাবে বলে আশাবাদী তাঁরা। পাওয়া যেতে পারে নতুন কোনো খনিজ সম্পদও। এ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের রবার্ট ক্র্যাডক বলেন, ‘এই মৃত নদী পৃথিবীতে ঘটে যাওয়া সেই মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এ থেকেও শেখার আছে অনেক।’সাধারণত এ ধরনের গবেষণার জন্য রিমোট সেন্সিং স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়। কিন্তু সিম্পসনের এই প্রাচীন নদী মাটির এতই নিচে যে এখানে পুরো গবেষণার কাজ চালাতে হচ্ছে সরেজমিনে। বিভিন্ন জায়গার ভূগর্ভস্থ তথ্যকে তাঁরা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করেছেন। নদীর এই প্রবাহ ভূগর্ভস্থ পানির সঙ্গে সম্পর্কযুক্ত এখনো। তাই এখানে জৈব জ্বালানিসহ অন্যান্য খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। মাইকেল হাচিংসন এই নদীপ্রবাহের অস্তিত্ব সম্পর্কে বলেন, ‘মাটির এত নিচে নদীপ্রবাহ তলিয়ে দেখার মতো যথেষ্ট প্রযুক্তি নেই বলে একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয় এই নদীর সত্যতা সম্পর্কে। তবে আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে আমরা আমাদের আবিষ্কার সম্পর্কে নিশ্চিত।’ এই গবেষণার ফলে ভূগর্ভস্থ পানির নতুন দিক উন্মোচিত হলো। এতে করে চলমান পানিসংকটের নতুন কোনো সমাধানও মিলে যেতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা। সেই সঙ্গে তাঁরা অপেক্ষা করছেন ওই এলাকার সভ্যতার নতুন কোনো কাহিনি শুনতে। জাবেদ সুলতান  নিউ সায়েন্টিস্ট অবলম্বনে