পৃথিবীর সবচেয়ে সেরা মা
আমার মা শালীনতা চৌধুরী। আমার চোখে পৃথিবীর সবচেয়ে সেরা মা। আর দশটা মায়ের মতো তিনিও সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। অবশ্য সব সন্তানের কাছে তার মা-ই জগেসরা। আমার আজকের এই অবস্থানে আসার পেছনে মায়ের অন্য রকম অবদান আছে। বাইরের জগতের সঙ্গে তেমন সংস্পর্শ না থাকলেও সব সময় আমার সিদ্ধান্তকে সমর্থন করে গেছেন তিনি; বিশেষ করে আমার পড়াশোনা, কর্মজীবন। আমার কিসে ভালো হবে, কীভাবে ভালো থাকব—এসবই মায়ের কাছে বড় বিষয়। এখনো তিনি তা-ই মনে করেন। প্রতিটি মানুষের জীবনে মায়ের ভূমিকা থাকে। আমার জীবনেও মা সব সময় নেপথ্যে থেকে তাঁর দায়িত্ব পালন করেছেন। কখনো কোনো কিছুতে বাধা দেননি। বিরোধিতা করেননি। মনে করেছেন, নিশ্চয় আমি ভালো কিছুর জন্য করছি। এই আত্মবিশ্বাস ছিল আমার প্রতি। তাই হয়তো কোনো রকম বাধা ছাড়াই এতটা পথ আসতে পেরেছি। সংসারের সব ঝামেলা একাই সামলিয়েছেন মা। আমাদের সেসব নিয়ে ভাবতেও দিতেন না। আদর্শ মায়ের সব গুণ তাঁর আছে। সহজ-সরল মানুষ তিনি। তবে কর্মক্ষেত্র থেকেও আমার ব্যস্ততা, পরিশ্রম এসব মাকে ভাবায়। মাঝে মাঝে বলেনও, আমি যেন ঠিকমতো বিশ্রাম নিই। সবকিছুর পরেও মা-ই পৃথিবীর নিরাপদ আশ্রয়। মায়ের বয়স এখন চুয়াত্তরের মতো। তাঁর কাছে গেলে প্রাণটা জুড়িয়ে যায়। মনের সব ভার নেমে যায়। নিজেকে হালকা লাগে। তবে এটিও ঠিক যে আমার জীবনে প্রত্যক্ষ ভূমিকা ছিল আমার বাবার। সব বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতাম, কিন্তু মায়ের সেখানে সায় থাকত। আসলে তাঁদের অনুপ্রেরণা ও সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমি সফল হতে পারতাম না।