পৃথিবীর সৃষ্টিরহস্যের সন্ধানে সফল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপভিত্তিক পরমাণু গবেষণা সংস্থা ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) বিজ্ঞানীরা লার্জ হ্যাড্রন কলাইডার (এলএইচসি) যন্ত্রে অতিপারমাণবিক কণিকার সফল বিস্ফোরণ ঘটিয়েছেন। মহাবিশ্ব সৃষ্টির আদি ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়ার লক্ষ্যে দীর্ঘদিনের চেষ্টার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তাঁরা দুটি প্রোটন স্রোতের মধ্যে সফলভাবে সংঘর্ষ ঘটাতে সক্ষম হন। অনেকেই এ ঘটনাকে বিজ্ঞানের ক্ষেত্রে এক নবযুগের সূচনা হিসেবে অভিহিত করেছেন। তাঁরা বলেছেন, এর মাধ্যমে পদার্থবিজ্ঞানের নতুন অনেক মৌলিক সূত্র বেরিয়ে আসতে পারে। বিজ্ঞানীদের ধারণা, প্রচণ্ড গতিতে পরস্পরের দিকে ছুটে আসা দুটি প্রোটনের এই সংঘর্ষজনিত বিস্ফোরণদৃশ্যের মাধ্যমে তাঁরা ‘বিগ ব্যাং থিওরি’ বা ‘মহাবিস্ফোরণ তত্ত্ব’ ব্যবহারিক অর্থে প্রমাণ করতে পারবেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।সার্নের কর্মকর্তারা বলেন, ২৭ কিলোমিটার দীর্ঘ ডিম্বাকৃতির সুড়ঙ্গ এলএইচসিতে উচ্চশক্তিসম্পন্ন প্রোটনের কণিকাসমৃদ্ধ দুটি স্রোত ঢোকানো হয়। তারপর চুম্বকীয় শক্তির মাধ্যমে এ দুটি স্রোতকে আলোর গতির প্রায় সমান গতিতে সঞ্চালন করা হয়। স্রোত দুটি প্রতি সেকেন্ডে ৫০০ বার বিপরীতমুখী দিক থেকে ওই সুড়ঙ্গ ঘুরে আসতে থাকে। প্রতিটি তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ইলেকট্রন ভোল্ট (টিইভি) শক্তির ঘূর্ণায়মান প্রোটন কণিকার দুটি স্রোত একসময় পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরিত হয়। একত্রে সাত ট্রিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তির এ দুটি স্রোতের মধ্যে সংঘর্ষের ফলে প্রোটন কণিকা ভেঙে কোটি কোটি টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। সার্নের পর্যবেক্ষণ ক্যামেরায় ধরা পড়ে এই অভিনব দৃশ্য।বিজ্ঞানীরা বলেছেন, এর মাধ্যমে বিগ ব্যাং থিওরির চাক্ষুষ পরীক্ষণ সম্ভব হতে পারে।এ পরীক্ষার জন্য ৫৬০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এবং জেনেভার কাছাকাছি মাটির নিচে এলএইচসি যন্ত্র বসানো হয়েছে। এলএইচসির ডিম্বাকৃতির মতো সুড়ঙ্গপথের দৈর্ঘ্য ২৭ কিলোমিটার।এ প্রকল্পটির মুখপাত্র গিডো টনেলি বলেছেন, পরীক্ষা এখনো শেষ হয়নি। পরীক্ষা সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে।টনেলি বলেন, ঠিক একইভাবে আরও অসংখ্যবার প্রোটন কণিকার সংঘর্ষ ঘটিয়ে মিনি বিগ ব্যাংয়ের সৃষ্টি করা হবে। ওই বিস্ফোরণদৃশ্যগুলো ধারণ করে উপপারমাণবিক কণিকাগুলোর গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হবে। এ পরীক্ষার মধ্য দিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারবেন, আনুমানিক এক হাজার ৩৭০ কোটি বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মুহূর্তে কী কী ঘটেছিল। বিজ্ঞানীরা বলেছেন, এর মাধ্যমে গ্রহ-নক্ষত্র তথা পুরো মহাবিশ্ব সৃষ্টির বহু অজানা রহস্য উন্মোচিত হবে।২০০৮ সালের সেপ্টেম্বরে চালু করার মাত্র নয় দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে এলএইচসি বন্ধ করে দেওয়া হয়েছিল। গত নভেম্বরে আবার সেটি চালু করা হয়।