পৃথিমপাশায় উৎসবমুখর পৌষমেলা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে তিন দিনব্যাপী পৌষমেলা গতকাল রোববার শেষ হয়েছে। গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা-পুলির আয়োজনে গত তিন দিন মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।গত শুক্রবার বিকেল থেকে পৌষমেলা শুরু হয় দ্য দক্ষিণ লংলা প্রগতি যুব সংঘের আয়োজনে। পৌষমেলার স্লোগান ছিল ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’।মেলার কর্মসূচিতে ছিল লাঠিখেলা, কাঠিনৃত্য, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বাউলসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাঠিনৃত্য পরিবেশন করে লংলা চা-বাগানের তেলেগুসমাজ। লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় গজভাগ আহম্মদ আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা। শীতবস্ত্র বিতরণ করে সালিখা যুব উন্নয়ন সমিতি। এ ছাড়া পৌষমেলায় পিঠা প্রতিযোগিতাসহ ফুটবল, ভলিবল, কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেলায় পিঠাসহ লোক ও কারুপণ্যের ২৯টি স্টল দেওয়া হয়েছিল।