সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বর্তমান সরকারের মেয়াদে বেতন বাড়াতে একটি পে-কমিশন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এ জন্য আগামী বাজেটে কোনো মহার্ঘ ভাতা থাকবে না বলেও জানান অর্থমন্ত্রী।সচিবালয়ে গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বক্তব্য উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তাতে পে-কমিশন করার ঘোষণা থাকবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘আগের সরকার একটি পে-কমিশন করেছিল, আমিও একটি করে যাব।’ তিনি বলেন, ‘আমার বাজেটে কোনো মহার্ঘ ভাতা নেই। তবে পে-কমিশনের কাজটা আমি করে যাব।’পে-কমিশন বাস্তবায়নে পরবর্তী সরকার জটিলতার মধ্যে পড়বে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে কিছু দিকনির্দেশনা দিয়ে যাব আমি।’ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেসরকারি খাতের কাছাকাছি হওয়া দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এতে সরকারি চাকরির আকর্ষণ বাড়বে। কমানো যাবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি। উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানে কারও বেতন যদি ১০০ টাকা হয়, সরকারি কর্মকর্তাদের বেতন অন্তত ৭০ টাকা হওয়া দরকার। আমরা তা করতে চাই। এটা না হলে তো হবে না। কারণ, সরকারি চাকরি খুবই গুরুত্বপূর্ণ।’ ২০০৭ সালে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত পে-কমিশনের সুপারিশ ২০০৯ সালের নভেম্বরে বাস্তবায়ন করে বর্তমান সরকার। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার ১০০ টাকা বেতন-ভাতা পাচ্ছেন। তৈরি পোশাকশিল্প খাতের কর্মকর্তা ও শ্রমিকদের বেতন, ভাতা, মজুরি আন্তর্জাতিক মান বজায় রেখে দেওয়ার বিভিন্ন দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে যে কাঠামো আছে, সেটাই ভালো। আন্তর্জাতিক মান রেখে দিলে তো তাঁদের বেতন আমার বেতনের সমান হয়ে যাবে।’ কারও নাম উল্লেখ না করে অর্থমন্ত্রী বলেন, তারা এটা না বলে কারখানায় অগ্নিনির্বাপণ-ব্যবস্থা বৃদ্ধি, বাড়তি গেট বানানোর কথা বলত পারত।অর্থমন্ত্রী মনে করেন, বেতন নয়, তৈরি পোশাক খাতের সামনে প্রধান সমস্যা হলো হরতাল। তিনি বলেন, ‘আজকে হরতাল বন্ধ হোক, কাল থেকেই বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসবে।’ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ সপ্তাহেই মজুরি বোর্ডের প্রজ্ঞাপন জারি হতে পারে।’