পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের সময় আরও এক মাস বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে আরও এক মাস সময় পেল সরকার।আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রোববার শুনানির এ দিন ধার্য করেন।গত ১ অক্টোবর আপিল বিভাগ এক মাসের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে বলেছিলেন। একই সঙ্গে ৪ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।এরই ধারাবাহিকতায় সরকারপক্ষ অর্থ মন্ত্রণালয়ের ১ নভেম্বরের একটি গেজেট আদালতে উপস্থাপন করে। এতে অধস্তন আদালতের বিচারকদের বিচারিক ভাতা ৩০-এর পরিবর্তে ৫০ শতাংশ হারে, পোশাকভাতা বছরপ্রতি পাঁচ হাজার টাকা ও আপ্যায়ন ভাতার বিষয় উল্লেখ আছে।শুনানিকালে সরকারপক্ষকে উদ্দেশ করে আদালত বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। সরকার পারে না এ কথার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের আদেশের পর আর কোনো কিছু থাকতে পারে না। এখানে পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই।’শেষ পর্যায়ে আদালত বলেন, ‘৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো। অসম্পূর্ণভাবে আসবেন না। হোমওয়ার্ক করে আসবেন।’ গত ১৯ জুলাই এ-সংক্রান্ত আদেশ বাস্তবায়ন করে ১ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করতে অর্থ সচিবকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি। ১ অক্টোবর শুনানিকালে আদালত বলেন, কাজের ভিন্নতার জন্য বিচার বিভাগকে অন্য কোনো বিভাগের সঙ্গে এক করে দেখার বা কোনো তুলনামূলক নিরীক্ষার সুযোগ নেই। এ ধরনের মানসিকতা আমরা পছন্দ করি না। আদালতের আদেশ ও নির্দেশ বাস্তবায়ন করা হবে—এটাই প্রত্যাশিত। দেখা যাচ্ছে, ঘুরেফিরে বিষয়টা একই জায়গায় রয়েছে।শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে ২০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের প্রস্তাব তুলে ধরেন ও পড়ে শোনান। ওই দিন একপর্যায়ে আদালত বলেন, ‘এভাবে লেখাটা কতটা শোভনীয় হয়েছে, তা জানা নেই।’ জবাবে মাহবুবে আলম বলেন, ‘লেখাটা আমার নয়।’ আদালত বলেন, ‘অবকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও বিচার বিভাগীয় কর্মকর্তারা সকাল আটটা থেকে রাত পর্যন্ত কাজ করেন। অনেককে শুক্রবারও কাজ করতে দেখেছি। এগুলো দেখার কেউ নেই।’একই দিন আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। শেষপর্যায়ে আদালত বলেন, ‘বহু আশার বাণী শুনেছি। কিন্তু দেখেছি একই অবস্থানে রয়েছি। এক মাস সময় দিচ্ছি, এর মধ্যে আদেশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে নিয়ে আসুন।’জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৮ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধি-সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। পরে বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। কমিশনের সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাকভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথা সুপারিশে উল্লেখ করা হয়।