পেঁয়াজ রপ্তানি নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে: প্রণব
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল শনিবার মুম্বাইয়ে বলেছেন, পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বা না করার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মহারাষ্ট্রের কৃষকদের পক্ষ থেকে ব্যাপক চাপ রয়েছে।দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেঁয়াজ রপ্তানির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এ ব্যাপারে মন্ত্রিসভাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।প্রণব মুখার্জি গতকাল মুম্বাইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চবনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।মহারাষ্ট্রের পেঁয়াজচাষিরা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রণব মুখার্জিকে জানান হয়, আট দিন ধরে তাঁরা ধর্মঘট পালন করছেন।প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।