পবিত্র রমজান মাস সামনে রেখে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। রাজধানীর কাঁচাবাজারগুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে দেশি-বিদেশি উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা পর্যন্ত। দাম বাড়ার তালিকায় আরও আছে কাঁচা মরিচ, আদা, শসা ও ডিম।চালের দাম এখনো বাড়তিই আছে। ব্রয়লার মুরগির দামও কমেনি। তবে ছোলা, বিভিন্ন ধরনের মসলা, অ্যাংকর ডাল ও চিনির দাম স্থিতিশীল আছে। খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম একটু কমেছে। কারওয়ান বাজার ও নারিন্দার কাঁচাবাজার ঘুরে গতকাল শুক্রবার এ চিত্র দেখা গেছে।কারওয়ান বাজারে গতকাল দেশি পেঁয়াজ ৪৫ টাকা কেজি বিক্রি হলেও নারিন্দা বাজারে ৪৮ টাকা দাম হাঁকেন বিক্রেতারা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ উভয় বাজারেই ৪০ টাকা দরে বিক্রি হয়।পেঁয়াজের দামের এই ঊর্ধ্বগতি কেন জানতে চাইলে পাইকারি বাজার শ্যামবাজারের জননী ভান্ডারের স্বত্বাধিকারী মহসিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ভারতে বন্যায় পেঁয়াজের ক্ষতি হয়েছে। সে জন্য ভারতীয় রপ্তানিকারকেরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। তাই আমদানি করা পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজের দামও পাল্লা দিয়ে বাড়ছে। তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে পেঁয়াজের চাহিদা বেড়েছে। মানুষ বেশি বেশি কিনছে। তাই দাম আরও বাড়ছে। তবে সপ্তাহ দুয়েক পর দাম কমতে পারে। কারণ, তখন চাহিদা কিছুটা কমে আসবে। তিনি জানান, শ্যামবাজারে পাইকারেরা গতকাল দেশি পেঁয়াজ ৪০ টাকা ও ভারতের পেঁয়াজ ৩৭ টাকা কেজি বিক্রি করেন।কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, শ্যামবাজারের আমদানিকারকেরা নানা অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন। আসলে রোজার বাড়তি চাহিদার সুযোগে বেশি মুনাফা করতে চান তাঁরা।কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা, শসা ৩৫, আদা ৮০ থেকে ১২০, রসুন ৭০ থেকে ৮০, কাঁকরোল ১৫, বেগুন ২৫ থেকে ৪০, আলু ১২ থেকে ১৫, ঝিঙে ৩০, বরবটি ২০ টাকায় বিক্রি হয়।এদিকে ব্রয়লার মুরগির ডিম হালিতে তিন টাকা বেড়ে ৩৫ টাকা হয়েছে। হাঁসের ডিমের হালি ৪০ টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতো গতকালও ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি বিক্রি হয়।পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৬৩০ থেকে ৬৫০ টাকা ও খোলা সয়াবিন প্রতি লিটার ১০০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ছোলা ৬২ থেকে ৬৫ টাকা, অ্যাংকর ডাল ৪৫ ও চিনি ৪৮ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। খোলা হলুদের গুঁড়া প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা, মরিচের গুঁড়া ১৬০, জিরার গুঁড়া ৩০০ ও ধনিয়ার গুঁড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে।চালের দাম কমেনি: আগের দুই সপ্তাহের মতোই বাড়তি দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। গতকাল প্রতি কেজি মোটা চাল ৩৪ থেকে ৩৫ টাকা, ব্রি-২৮ চাল ৩৮ থেকে ৪০, মিনিকেট ৪৫ থেকে ৪৬, নাজিরশাইল ৫০ থেকে ৫২, পারি জাতের চাল ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি করেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।এ বিষয়ে চাল ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন, মিলমালিকেরা বিনা কারণে চালের দাম বাড়িয়েছেন। সব সরকারের শেষ সময়ে মিলমালিকেরা এ কাজ করেন। কারণ, তাঁরা ধরেই নিয়েছেন, এ সময়ে সরকার তাঁদের কিছু বলবে না।