অফিস শেষে বাসায় ফেরার পথে প্রতিদিনই বাজার করেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম আগে থেকেই বেড়ে আছে। ওই দাম থেকে যা-ও একটু কমছে, একে কমা বলা চলে না।’ তার পরও এ প্রবণতা বজায় থাকাটা দরকার বলে তিনি মনে করেন।বাজার-পরিস্থিতি এ রকমই। খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম বেড়ে গিয়ে সেই পর্যায়ে স্থিতিশীল রয়েছে। কিছু পণ্যের দাম বেড়েছে। যেমন, ব্রয়লার মুরগি, দেশি পেঁয়াজ ও দেশি মসুর ডাল। আর কমার তালিকায় আছে গুঁড়ো দুধ, চিনি ও নাজিরশাইল চাল। দাম কমার মধ্যে অন্যতম হলো ডানো ব্র্যান্ডের এক কেজির গুঁড়ো দুধের প্যাকেট। এক সপ্তাহ আগের দর ৫১৫ থেকে ৫২০ টাকা হলেও গতকাল বৃহস্পতিবার তা নেমে এসেছে ৪৫৫ থেকে ৪৬৫ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে দাম কমেছে ৫৫ থেকে ৬০ টাকা।আর বাড়ার মধ্যে সবচেয়ে বেশি কেজিতে পাঁচ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহখানেক আগে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি থাকলেও গতকালের দর ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। চালের মধ্যে পাইজাম সাধারণ মানের দর ছিল ৩০ থেকে ৩৪ টাকা, উন্নত মানের ৩৪ থেকে ৩৬ টাকা, মোটা চাল ২৫ থেকে ২৮ টাকা, খোলা আটা ২১ থেকে ২২ টাকা, সয়াবিন তেল ৭৮ থেকে ৮০ টাকা, পাম তেল ৬৭ থেকে ৬৮ টাকা, তুরস্ক বড় দানার মসুর ডাল ৭৫ থেকে ৭৮ টাকা, মাঝারি মানের ডাল ৮০ থেকে ৯০ টাকা, ডিমের হালি ২৫ থেকে ২৬ টাকা এবং নেপালি ডাল বিক্রি হয়েছে ১০২ থেকে ১০৬ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের দরেই গতকাল বেচাকেনা হয়েছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বাজারদরের এই চিত্র পাওয়া গেছে। হাতিরপুল বাজারে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বাজার করেন গৃহিণী তিলোত্তমা তনুশ্রী সাহা। তিনি বলেন, ‘তিন বছর আগে এক হাজার টাকায় বাজার হয়ে যেত। এখন দুই হাজার টাকায়ও হয় না। অথচ পরিবারের সদস্য দুজনই। আর মূল্যস্ফীতির হার যে ৯ থেকে ১০ শতাংশ বলা হয়ে থাকে, প্রকৃতপক্ষে তা ২০ শতাংশ ছাড়িয়ে যাবে।’ বাজারে নাজিরশাইল চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা পর্যন্ত কমেছে। সাধারণ মানের এই চালের দাম আগের সপ্তাহে ছিল ৩৩ থেকে ৪৪ টাকা। আর গতকালের দর ৩২ থেকে ৩৮ টাকা। উন্নত মানেরটির দাম ছিল ৪১ থেকে ৪৪ টাকা। গতকাল এক টাকা কমে হয়েছে ৪০ থেকে ৪৩ টাকা। এ ছাড়া চিনির দাম কেজিতে এক টাকা কমে আগের সপ্তাহের ৪০ থেকে ৪৪ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩৯ থেকে ৪৩ টাকায়। ডিপ্লোমা ও রেডকাউ গুঁড়ো দুধের দামে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ডিপ্লোমা ৪৫০ থেকে ৪৬০ টাকা এবং রেডকাউ ৪৯০ থেকে ৫০০ টাকা দরেই কেনাবেচা হয়েছে। তবে এক কেজির ফ্রেশ ও মার্কস গুঁড়ো দুধ কেজিতে পাঁচ টাকা করে কমেছে। বাড়ার মধ্যে আরও রয়েছে দেশি মসুর ডাল। আগের সপ্তাহে ৯৫ থেকে ১০০ টাকা দর থাকলেও এক টাকা বেড়ে গতকাল হয়েছে ৯৬ থেকে ১০১ টাকা। এদিকে দেশি পেঁয়াজের দর কেজিতে বেড়ে গেছে দুই টাকা। আগের সপ্তাহের ১৬ থেকে ২০ টাকার তুলনায় গতকালের দর ছিল ১৬ থেকে ২২ টাকা। কারওয়ান বাজারের মায়ের দোয়া জেনারেল স্টোরের বিক্রয়কর্মী মো. শাহ আলম জানান, জিনিসপত্রের দাম কমলে তাঁদেরই ভালো লাগে। তখন কম পুঁজিতে ব্যবসা করা যায়। জানা গেছে, বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানকে বাজারমূল্য বিশ্লেষণের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটি সম্প্রতি এ-বিষয়ক একটি প্রতিবেদন জমা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। এতে বলা হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমানে যে দর রয়েছে, তাও অনেক বেশি। প্রতিটি পণ্যের দাম আরও ১৫ থেকে ২০ শতাংশ কমা উচিত।