নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে সব ধরনের চাল, চিনি ও পেঁয়াজ-রসুনের দাম কিছুটা বেড়েছে। আলু, আটা, মসুর ডালের দাম কমেছে। তবে ভোজ্যতেলসহ শাকসবজির দাম অপরিবর্তিত রয়েছে।খুচরা বাজারে চিনির দাম কেজিতে গড়ে দুই টাকা বেড়েছে। পাইজাম, লতা ও মোটা চালের দাম কেজিতে দুই টাকা বাড়লেও পোলাও চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দুই টাকা, আর রসুনের দাম বেড়েছে পাঁচ টাকা। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। গত সপ্তাহে মানভেদে চিনি বিক্রি হয়েছিল ৫৬ থেকে ৫৮ টাকা। গতকালের দাম ছিল ৬০ টাকা। গতকাল ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকায়, আর দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৪ টাকা। এক সপ্তাহ আগেও ভারতীয় পেঁয়াজ ২৮-৩০ টাকা ও দেশি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হয়। দেশি রসুন মানভেদে ৯০ থেকে ১২০ টাকা আর চীনের রসুন মানভেদে ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।খুচরা বাজারে আলু আগের সপ্তাহে ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি হলেও গতকাল কিছুটা কমে ১০ থেকে ১২ টাকার মধ্যে এসেছে। খোলা সয়াবিন তেলও কেজি ৮০ টাকা, সুপার পাম ৬৮ টাকা ও সাধারণ পাম ৬৪ টাকা দরে বিক্রি হয়েছে।কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী মো. মাঈনউদ্দিন জানান, খুচরা বাজারে চালের দাম গত দু-তিন দিনে কেজিপ্রতি গড়ে দুই টাকা বেড়েছে। তবে পোলাও চালের দাম ৮ থেকে ১০ টাকা বেড়েছে। ঢাকার বাইরে মিলগুলো দাম বাড়ানোর কারণে চালের দাম বেড়েছে বলে তিনি জানান। মোটা চাল প্রতি কেজি প্রকারভেদে ২৬ থেকে ২৮ টাকা, মাঝারি মানের নাজিরশাইল বা মিনিকেটের দাম ৩৮ থেকে ৪০ টাকা। উন্নতমানের নাজির-মিনিকেট কিনতে হলে ক্রেতাকে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ৪৫ থেকে ৪৭ টাকা। আর পায়জামের কেজি ৩৭ থেকে ৩৮ টাকা, কাটারিভোগ চার-পাঁচ টাকা বেড়ে কেজি ৬১ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে।সাধারণ ক্রেতাদের জন্য একটু স্বস্তির খবর হলো, আলু, আটা ও মসুর ডালের দাম কিছুটা কমতির দিকে। গত কয়েক দিনে আলুর দাম কেজিতে দুই টাকার মতো কমেছে। প্রতি কেজি আলু ১০ থেকে ১২ টাকা। নেপালের ডালের দর কেজিতে চার থেকে পাঁচ টাকা কমে ১১০ থেকে ১১২ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুরের ডাল ১০৮ থেকে ১১০ টাকা, তুরস্কের মসুরের ডাল (বড় দানা) ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর আটার দর কেজিপ্রতি গড়ে দুই টাকা কমেছে। খোলা আটা ২১-২২ টাকা এবং প্যাকেটজাত আটা ২৩-২৪ টাকায় বিক্রি হচ্ছে।