রাজধানীর কাঁচাবাজার-গুলোতে গত কয়েক দিনে সবজির সরবরাহ বেড়েছে। মৌসুমি সবজিও কিছু এসেছে। কিন্তু সে অনুযায়ী দাম কমছে না, বরং আগের দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি।তবে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে আলু, ডাল, ডিম ও মুরগি। বিভিন্ন ধরনের ডালের দাম আরও বেড়েছে। রসুনের দাম আগের মতো চড়া থাকলেও নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম।গত সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ২২ থেকে ২৪ টাকার মধ্যে থাকলেও গতকাল শনিবার তা কিনতে হয়েছে ২৬ থেকে ২৮ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম চার টাকা বেড়ে হয়েছে ২৪ টাকা।গত সপ্তাহের বিক্রি হওয়া আমদানি করা চীনা রসুন ৮০ টাকা কেজি দরে কিনতে হলেও গতকাল এই রসুন কিনতে হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়। আর দেশি রসুনের দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেশি ও আমদানি করা উভয় পেঁয়াজের দাম গড়ে ১৬ শতাংশ বেড়েছে। গড়ে রসুনের দাম ৩৩ শতাংশ বাড়লেও এর মধ্যে আমদানি করা চীনা রসুনের দাম বাড়ার হার ৪৩ শতাংশ।পেঁয়াজ-রসুনের দাম বাড়ার কারণ জানতে চাইলে শ্যামবাজারের বড় পাইকার ঢাকা বাণিজ্যালয়ের পরিচালক আবদুর রহিম গতকাল প্রথম আলোকে বলেন, চীনা রসুনের আমদানি এখন নেই বললেই চলে। পুরোনো যেসব রসুন ছিল, সেগুলোর মজুদ প্রায় শেষ। নতুন রসুন না আসা পর্যন্ত দাম একটু বেশিই থাকবে। পাইকারি বাজারে চীনা রসুনের কেজি এখন ৯৫ থেকে ৯৬ টাকা বলে জানান তিনি।আবদুর রহিম বলেন, পেঁয়াজের দাম এখন কম। তিন-চার দিন আগে দাম একটু বেড়েছিল। সে কারণেই হয়তো খুচরা ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন।রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিচিঙ্গা, করলা, ঢ্যাঁড়স, বরবটি ও ধুন্দল ৩০, ঝিঙা ৩০ থেকে ৩৫, পটোল ৩৫, টমেটো ২০ থেকে ২৫, বেগুন মানভেদে ২০ থেকে ৩০, পেঁপে ৩০ থেকে ৩৫, শসা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি হচ্ছে।তবে হাতিরপুল বাজারেই এসব সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিচিঙ্গা, করলা ও ধুন্দল ৩৫ থেকে ৪০, বরবটি ও ঢ্যাঁড়স ৩৫, ঝিঙা ৪০, পটোল ৩৫ থেকে ৪০, টমেটো ২৫ থেকে ৩০, বেগুন মানভেদে ২৫ থেকে ৩৫, পেঁপে ৩০, শসা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। কারওয়ান বাজারের আড়তদারেরা বলেছেন, বর্ষাকালীন কিছু সবজি উঠতে শুরু করলেও এখনো এসব সবজির সরবরাহ বাড়েনি। বাড়লে সবজির দাম অনেকটাই কমে যাবে।বাজারে মাছের দামও চড়া। বাজারে বড় আকারের কাতল মাছ ৭০০-৭৫০, মাঝারি ও ছোট আকারের কাতলের দাম ৩৫০-৪০০, বড় আইড় মাছ ৭০০ টাকা, বড় বোয়াল ৬০০-৬৫০, দেশি রুই ৩০০-৩৫০ ও মিয়ানমারের কিছু রুই ২০০-২৫০, মাঝারি আকারের ইলিশ (৬০০-৭০০ গ্রাম) ৯০০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০, কই ২২০-৩০০ টাকা এবং শিং ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।ডিমের দামও আগের মতোই চড়া। এক হালি ফার্মের ডিমের দাম ৩৪ থেকে ৩৬ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম বাজারভেদে ১৫০ থেকে ১৫৫ টাকা। মাঝারি আয়তনের (৭০০ গ্রাম) প্রতিটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। আর গরুর মাংস ২৬০ ও খাসির মাংস ৪৫০ টাকা কেজি।বিভিন্ন ধরনের ডালের দামও বেড়েছে। দেশি মসুর ডাল (ছোট দানা) বিক্রি হচ্ছে ১০৫ টাকা কেজি। মোটা দানার মসুর ডালের দাম ৮০ টাকা। মুগ ডালের কেজি ১১৫ টাকা।এ ছাড়া প্রতি কেজি প্যাকেটজাত লবণ ২৮ থেকে ৩০ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩০ টাকা, প্যাকেটজাত সয়াবিন ১৩৪ টাকা এবং প্রতি কেজি চিনি ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।পণ্য গত সপ্তাহের দাম গতকালের দামপেঁয়াজ (দেশি) ২৪ ২৮ পেঁয়াজ (বিদেশি) ২০ ২৪রসুন (দেশি) ৫০ ৬০রসুন (বিদেশি) ৮০ ১১০