পেঁয়াজের ঝাঁজ কমেছে, চালের দাম স্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের ঝাঁজ আরেকটু কমেছে। রাজধানীর বাজারে তিন-চার দিন আগে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হলেও গতকাল শুক্রবার বিক্রি হয়েছে মান ও বাজারভেদে ৬০ থেকে ৬৫ টাকায়। দুষপ্রাপ্র্য হয়ে ওঠা ভারতীয় পেঁয়াজের কেজি ৬৫ টাকা। চার দিন আগেও এর দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা কেজি।গত সপ্তাহে হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম স্থির রয়েছে। ব্রয়লার মুরগি ও ইলিশ মাছের দাম কিছুটা কমে এসেছে।গতকাল জুমার নামাজের পর রামপুরার বনশ্রীর সি-ব্লকে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভ্যান থেকে ১০ কেজি পেঁয়াজ কেনেন একজন প্রবীণ। একসঙ্গে এত পেঁয়াজ কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দাম আবার কবে বেড়ে যায়, সে জন্য বেশি করে কিনে নিলাম।’ ওই ভ্যানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ টাকা কেজি।রামপুরা বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। রামপুরা বাজারের একজন দোকানি জানান, পাইকারিতে দাম কমায় তাঁরাও আগের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছেন।পেঁয়াজ-রসুন-আদার সবচেয়ে বড় পাইকারি বাজার রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫২ টাকায় এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৪৮ থেকে ৫২ টাকায়। তিন-চার দিন আগে প্রতি কেজির দাম তিন-চার টাকা বেশি ছিল।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত বৃহস্পতিবার থেকে খোলাবাজারে ৪৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। ঢাকায় ৩৫টিসহ সারা দেশে ১৮৪টি ট্রাকে করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। রাজধানীতে জাতীয় প্রেসক্লাব, পলাশী, শান্তিনগর, সচিবালয় গেট, জুরাইন, সোবহানবাগ, রায়েরবাজার, মিরপুর-১০, কারওয়ান বাজার, রাজউক ভবনের সামনে, ধূপখোলা বাজারসহ ৩৫টি স্থানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।তরিতরকারি: বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৬০ টাকা, ঢ্যাঁড়স-ধুন্দুল-পটোল-কাঁকরোল-ঝিঙে-চিচিঙ্গা ৩০, পেঁপে ২০, চালকুমড়া ২৫, টমেটো ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বাজারভেদে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকায়। বাজারে ওঠা নতুন শিম বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি।প্রতি কেজি চীনা আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। প্রতি কেজি দেশি রসুন ৭০ থেকে ৭৫, আর চীনা রসুন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।চাল: গত সপ্তাহে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্রতি দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এখনো সেই দামেই চাল বিক্রি হচ্ছে। প্রতি কেজি নাজিরশাইল ৫২ থেকে ৫৬ টাকা, মিনিকেট ৪৬ থেকে ৪৮, মাঝারি চাল (পারিজা, পাইজাম) ৩৬ থেকে ৩৮ এবং মোটা চাল ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।মাছ-মাংস: বাজারে ইলিশ মাছের দাম কমে এসেছে। প্রায় এক কেজি ওজনের ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকায় এবং মাঝারি আকারের ইলিশ (৬০০-৭০০ গ্রাম) ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।এক কেজি ওজনের রুই ও কাতলা মাছ ৩০০ টাকা, কোরাল-আইড়-বোয়াল মাছ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে।ব্রয়লার মুরগির দাম ১৫০ থেকে ১৬০ টাকা থেকে কমে এখন প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন ডিমের দাম ৯৬ থেকে ১০০ টাকা।অন্যান্য: বোতলজাত এক লিটার সয়াবিন তেল ১২৭ টাকায় পাওয়া যাচ্ছে। পাঁচ লিটার তেল বিক্রি হচ্ছে ৬৪০ টাকায়। তবে কোনো কোনো দোকানে আরও কম দামে বিক্রি হতে দেখা গেছে।গুঁড়া দুধ এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে। ৪০০ গ্রাম ওজনের ডানো দুধ বিক্রি হচ্ছে ২৭৫ টাকায়, একই ওজনের মার্কস ও ফ্রেশ ব্র্যান্ডের দুধ ২২৩, ডিপ্লোমা ও রেড কাউ ব্র্যান্ডের দুধ ২৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রাম ওজনের ডিপ্লোমা দুধ ৩৩০ এবং মার্কস ও ফ্রেশ দুধ ২৭৭ টাকায় বিক্রি হচ্ছে।