রাজধানীর বাজারে পেঁয়াজের দামে ঝাঁজ বাড়ছেই। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা।গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৪০ টাকায়। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকায়। আর ২৮ থেকে ৩০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকায়।মৌসুম শেষ হয়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের সংকট চলছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকেরা।এ ছাড়া দাম বেড়েছে মসুর ডাল ও খোলা সয়াবিন তেলের। তবে এক মাস ধরে বাড়তে থাকা আমদানি করা চীনা রসুনের দাম বেশ কমেছে। দাম কমেছে সবজিরও।পাইকারিতেই দাম বেড়েছে: দাম বাড়ার কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, পাইকারি বাজারেই পেঁয়াজের দাম চড়া। পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল এক কেজি দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়, যা এক সপ্তাহ আগে ছিল ৩২ থেকে ৩৪ টাকা। আমদানি করা ভারতীয় পেঁয়াজ মানভেদে ২০ থেকে ২৬ টাকার স্থলে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়।পেঁয়াজ-রসুন আমদানিকারক শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, দেশি পেঁয়াজের মৌসুম এখন শেষ পর্যায়ে। পাইকারি ব্যবসায়ীদের কাছে খুব বেশি মজুদ নেই। ডিসেম্বরের শেষ নাগাদ বাজারে নতুন পেঁয়াজ আসবে। ভারতীয় পেঁয়াজের মজুদও এখন শেষ পর্যায়ে। ঘাটতি পূরণে চাইলেও ভারত থেকে বেশি পেঁয়াজ আনা সম্ভব নয়।জানা যায়, বর্তমানে মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে। এ পেঁয়াজ বাজারে আসবে ডিসেম্বরের শেষদিকে।আড়তদার ও আমদানিকারকেরা বলেছেন, নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম চড়া থাকবে।ডালের দাম বেড়েছে: খুচরা বাজারে প্রতি কেজি দেশি মসুর ডালের দাম কেজিতে ছয় টাকা বেড়ে ১৩৫ থেকে ১৩৬ টাকায় বিক্রি হচ্ছে। একই হারে বৃদ্ধি পাওয়া নেপালি মসুর বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪১ টাকায়। প্রতি কেজি বড় দানা মসুর ডাল ৭৮ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডাল আগের মতোই ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।এক সপ্তাহ আগে দেশি মসুর ডাল ১২৮ থেকে ১৩০ টাকা, নেপালি মসুর ১৩৪ থেকে ১৩৫ ও বড় দানা মসুর ডাল ৭৫ থেকে ৮২ টাকায় বিক্রি হয়।মসুর ডালের দাম বৃদ্ধির কারণ হিসেবেও পাইকারি ও খুচরা বিক্রেতারা বলেছেন মৌসুম শেষ হওয়ার কথা।দাম কমেছে সবজির: বাজারে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমেছে। প্রতি কেজি করলা ৫০ টাকা থেকে কমে ৪০, কাঁকরোল ৪০ থেকে কমে ৩০, পেঁপে ২০ থেকে কমে ১৫, বেগুন ৩৫ থেকে কমে ৩০, ঢ্যাঁড়স ৪০ থেকে কমে ৩০, শসা ৪০ থেকে কমে ৩০, মুলা ৩৫ থেকে কমে ২৫ ও পটোল ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া প্রতি কেজি ঝিঙা ও চিচিঙ্গা ৩০ টাকা, শিম ৩০ থেকে ৪০, টমেটো ৭০ থেকে ৮০ ও আলু ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ৫০ থেকে ৬০ টাকা।এদিকে এক সপ্তাহের ব্যবধানে চীনা রসুনের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। দেশি রসুন ৪০ থেকে ৫০ টাকায় স্থির রয়েছে।খোলা সয়াবিন তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে লিটারে দুই টাকা। প্রতি লিটার বিক্রি হচ্ছে ১১৮ থেকে ১২০ টাকায়। চিনির দাম একই আছে, প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা।মাছ-মাংস: বাজারে এক কেজি ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ ও মাঝারি আকারের ইলিশ ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এক কেজি ওজনের রুই ২৫০, কাতল ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়।ফার্মের মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা। ব্রয়লার মুরগির দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৪০ টাকায়। দেশি মুরগির দাম প্রতিটি বাজারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকা।