এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ ও পর পর দুটি হরতালের কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছিল সবজির দামও। গত বৃহস্পতিবার রাতে সবজিবাহী ট্রাক আসায় কিছু সবজির দাম কমেছে।ব্রয়লার মুরগি, পাম তেল ও রসুনের দাম কমেছে।গতকাল শুক্রবার কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা ৬০ টাকা, বেগুন ৩৫ থেকে ৪০, ঢ্যাঁড়স ৪০, শিম ৪০ থেকে ৫০, মুলা ৩০, পটোল ৪০, দেশি টমেটো ৭০ থেকে ৮০ ও আমদানি করা টমেটো ৬৫, বরবটি ৬০, পেঁপে ২০, শসা ৩০, ঝিঙা ও চিচিঙা ৩৫ থেকে ৪০, কাঁকরোল ৩০ থেকে ৩৫ ও গাজর ৩০ টাকায় বিক্রি হচ্ছে।বড় আকারের প্রতিটি লাউ ৫০ থেকে ৬০, প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আবার কিছুটা বড় আকারের ফুলকপি বিক্রি হচ্ছে বাজারভেদে ৫০ টাকা পর্যন্ত। কাঁচকলার হালি ২৫ টাকা ও কাঁচা মরিচের কেজি ৬০ টাকা। এক কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়।নতুন আলুর সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। আগের সপ্তাহে ৪০ টাকা বিক্রি হওয়া নতুন আলুর দাম গতকাল ছিল ৩০ টাকা।পেঁয়াজ-রসুন: কারওয়ান বাজারে গতকাল দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৪০ থেকে ৪২ টাকা কেজি। গত সপ্তাহে একই দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হলেও দেশি পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কম ছিল। রসুনের দাম কমে প্রতি কেজি দেশি ৪০ থেকে ৫০ টাকায় এবং চীন থেকে আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। চীনা আদা ৫০ ও দেশি আদা ৬০ টাকায় বিক্রি হয়েছে।মাছ-মাংস-মুরগি: গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ১৪০ থেকে ১৫০ টাকায় উঠেছিল। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গতকাল এ মুরগি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।এক কেজি থেকে দুই কেজি ওজনের রুই মাছ ২০০ থেকে ৩০০ টাকা, কাতল মাছ ১৮০ থেকে ২৮০ টাকা, মাঝারি আকারের ইলিশ ৫০০ থেকে ৭০০ আর বড় আকারের ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকা, এক কেজি ওজনের পাঙাশ মাছ ১১০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।শীতে জমে যাওয়ায় পাম তেলের চাহিদা কম থাকে। এ কারণে তেলের দাম লিটারে দুই থেকে তিন টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।