পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে
দেশে সব ধরনের পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। গতকাল সোমবার রাজধানীতে খুচরা বাজারভেদে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।আমদানিকারক ও ব্যবসায়ীরা বলেছেন, ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এবং ঋণপত্র খোলা পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দেওয়ায় এর প্রভাবে দেশে দাম বেড়েছে।ভারতের কেন্দ্রীয় সরকার নিজ দেশে পেঁয়াজের সরবরাহ বাড়াতে গত ৮ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে গত ডিসেম্বরেও পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। ফেব্রুয়ারিতে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, করণীয় ঠিক করতে আগামীকাল বুধবার এ বিষয়ে বৈঠক করা হবে।আমদানিকারকদের ধারণা অনুযায়ী, আমদানি করা পেঁয়াজ দিয়ে দেশে পেঁয়াজের মোট চাহিদার ৬০ শতাংশেরও বেশি পূরণ করা হয়। এর বেশির ভাগই আসে ভারত থেকে। তাঁরা বলেছেন, এমনিতেই আমদানিমূল্য বাড়ানোর কারণে ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আনতে হয়েছে। এখন রপ্তানি বন্ধ করে দেওয়ায় ঋণপত্র খুলেও পেঁয়াজ আসছে না।পেঁয়াজ আমদানিকারক ও ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘পেঁয়াজের দাম ভারত এক লাফে টনপ্রতি ৩২৫ মার্কিন ডলার থেকে ৪৭৫ ডলার করেছে। এর প্রভাব বাজারে এমনিতেই ছিল। কিন্তু এখন রপ্তানি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের সংকট দেখা দেবে।’ তিনি জানান, অনেক আমদানিকারকেরই ভারত থেকে পেঁয়াজ আনার জন্য ঋণপত্র খোলা আছে। কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞার পর সেখান থেকে পেঁয়াজ আসছে না। তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে অবিলম্বে এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করার আহ্বান জানান।পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে এর দাম ছিল ২৮ থেকে ২৯ টাকা। গতকাল ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ২৬-২৭ টাকা। জানা যায়, কিছু পাইকারি ব্যবসায়ী এর চেয়েও বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন।শ্যামবাজারের বড় পাইকার ঢাকা বাণিজ্যালয়ের পরিচালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি করবে না—এমন তথ্য পাওয়ার পর থেকেই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। সবাই বেশি করে পেঁয়াজ কিনে মজুদ করতে শুরু করেছেন। এ ছাড়া গত রবি ও সোমবার ভারত থেকে কোনো পেঁয়াজ বাংলাদেশে আসতে পারেনি। এ কারণে বাজারে পেঁয়াজের সংকটও তৈরি হয়েছে।তবে আবদুর রহিম মনে করেন, পেঁয়াজের বাজার কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ভারতের পেঁয়াজ না এলেও গতকাল ফরিদপুর, রাজশাহী ও পাবনা থেকে প্রচুর দেশি পেঁয়াজ পাইকারি বাজারে এসেছে। দেশি পেঁয়াজ দিয়ে আপাতত বাজারের চাহিদা মেটানো সম্ভব হবে।তবে খুচরা বিক্রেতারা বলেছেন অন্য কথা। তাঁরা পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনে তা বিক্রিও করছেন বেশি দামে। দুপুরে কথা হয় কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুদ্দিনের সঙ্গে। পেঁয়াজের দাম বেশির কারণ জানতে চাইলে তিনি ক্ষোভ জানালেন পাইকারি ব্যবসায়ীদের ওপর। বললেন, ‘এক দিনের মধ্যে পিঁয়াইজের দাম ১০ ট্যাকা বাড়ছে। বেচমু কেমনে। কাস্টমারগো লগে খালি কাইজ্জা লাগে।’ তিনি জানান, শনিবার তিনি ভারতীয় পেঁয়াজ বিক্রি করেন ৩০ টাকা কেজি। এখন সেই পেঁয়াজ তাঁকে ৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ, এক দিনে পাইকারি বাজার থেকে তাঁকে কেজিতে ১০ টাকা বেশি দিয়ে পেঁয়াজ কিনতে হয়েছে। শনিবার দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি করলেও একই কারণে এখন করছেন ৪৫ টাকায়।এর আগে গত ১৩ আগস্ট (রমজান মাসে) ভারত সরকারের বৈদেশিক বাণিজ্য বিভাগ এক নোটিফিকেশনের মাধ্যমে পেঁয়াজের রপ্তানিমূল্য বৃদ্ধি করে। ওই সময় টনপ্রতি পেঁয়াজের দাম মানভেদে ৪৫ থেকে ৫০ ডলার পর্যন্ত বাড়ানো হয়। এই দাম বৃদ্ধির দুই দিন পর দেশেও পেঁয়াজের দাম বেড়েছিল। সে সময় ভারতীয় পেঁয়াজ ৩৫ ও দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রি হয়।