রাজধানীর কাঁচা-বাজারগুলোতে কোনো সুখবর নেই। এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দাম স্বাভাবিক হয়নি। ইলিশ না থাকায় অন্যান্য মাছের দামও বাড়তি।গতকাল শুক্রবার রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কোনো ধরনের সবজির দামই আগের সপ্তাহের চেয়ে কমেনি, বরং কয়েকটিতে বেড়েছে। আগের শুক্রবার দেশি পেঁয়াজ ৩০ ও বিদেশিটা ২৩ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম সাত টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল দেশি পেঁয়াজ ৩৫ এবং বিদেশি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর ২৩ টাকা দরের আলু বেড়ে ২৫, ৫০ টাকার বেগুন ৬০ ও টমেটোর দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকা হয়েছে। এ ছাড়া, ভালো মানের মসুর ডালের কেজি ১২২ টাকা, সাধারণটা আগের মতোই ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আদা প্রতি কেজি ১৩০, বিদেশি রসুন ১০০, দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা দাম চাচ্ছেন বিক্রেতারা। এদিকে, সরকার ডিম-মুরগি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার তিন সপ্তাহ পরও ফার্মের ডিমের বাজার স্বাভাবিক হয়নি। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। বাজার ভেদে প্রতি কেজি মুরগি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের হালি ৪৪ টাকা। সবজির দাম না কমার কারণ হিসেবে বরাবরের মতো পাইকারেরা বলেন, গ্রীষ্মকালীন সবজি ফুরিয়ে আসছে। আবার শীতকালীনটা আসতে একটু সময় লাগবে। এ ছাড়া গত কয়েক দিন বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম বেশি।দুই বাজারে দুই চিত্র: কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ৬০, কাঁচকলা প্রতি হালি ১২, শসা ৬০, পটোল ২৫, শিম ৮০, পেঁপে ১৫, করলা ৪০, ঢ্যাঁড়স ৩৫, টমেটো ৭০, বাঁধাকপি ২০ ও ফুলকপি ১৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে চার থেকে পাঁচ কিলোমিটার দূরের শেওড়াপাড়া বাজারে এই সবজিই ভোক্তাদের কিনতে হচ্ছে অনেক বেশি দামে। কোনো কোনোটি প্রায় দ্বিগুণ দামে। মিরপুরের এই বাজারটিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০, কাঁচকলার হালি ২৫, শসা ৮০, পটোল ৪০, শিম ১০০, পেঁপে ২০, করলা ৬০, ঢ্যাঁড়স ৪০, টমেটো ৮০, বাঁধাকপি ৪০, ফুলকপি ৩৫ টাকা দাম হাঁকেন বিক্রেতারা। এ ছাড়া ব্রয়লার মুরগি কারওয়ান বাজারে ১৪০ টাকায় বিক্রি হলেও শেওড়াপাড়ায় ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে গরুর মাংস উভয় বাজারেই ২৮০ টাকা কেজি। গতকাল বেলা সোয়া ১১টায় মিরপুরের বাজারটিতে কথা হয় গৃহিণী নাসিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে। আর একবার বাড়লে আর তা কমছে না। এ ব্যাপারে সরকারের কঠোর নজরদারি দরকার বলে মনে করেন তিনি। আরেক ক্রেতা চাকরিজীবী সৌরভ সাহা ডিমসহ বিভিন্ন পণ্যের দাম না কমায় হতাশা প্রকাশ করলেন। তিনি বলেন, দাম বাড়ছে, বেতন তো আর বাড়ছে না। এমন চলতে থাকলে আরও অনেক খাবারই হয়তো তালিকা থেকে ভবিষ্যতে বাদ দিতে হবে। মাছের দাম কমেনি: কাঁচাবাজারগুলোতে ইলিশ না থাকায় অন্যান্য মাছের ওপর ভোক্তাদের চাপ অব্যাহত আছে। তাই কোনো মাছের দামই কমেনি। তবে আজ শনিবার থেকে ইলিশ বাজারজাত, মজুদ ও বিক্রি নিষেধাজ্ঞা উঠছে। ফলে চলতি সপ্তাহ শেষে অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করছেন বিক্রেতারা।গতকাল বাজার ভেদে চাষের পাঙাশের কেজি ১২০ থেকে ১৪০, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০, রুই ২৪০ থেকে ২৬০, বোয়াল ৪০০, কাতল ২০০ থেকে ২২০, কই ১৬০ থেকে ২০০, মাঝারি সাইজের চিংড়ি ৬৫০ থেকে ৮০০, ট্যাংরা ৩২০ থেকে ৩৫০, কাচকি ২২০ থেকে ২৫০ বিক্রি হতে দেখা গেছে।