দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এখনো তার কোনো প্রভাব পড়েনি। ফলে বাড়তি দামেই পেঁয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের। এদিকে চালের দাম প্রকারভেদে চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে।রাজধানীর কারওয়ান বাজার ও নারিন্দা কাঁচাবাজার ঘুরে গতকাল শুক্রবার এ চিত্র পাওয়া গেছে। এক সপ্তাহ আগেও কাঁচাবাজারগুলোতে ভারতীয় পেঁয়াজ পাওয়া ছিল দুষ্কর। কিন্তু অনেক দোকানিকেই গতকাল ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের কেজি ৬৫ থেকে ৭০ টাকা। আর মানভেদে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। শ্যামবাজারের পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতে দাম কমার কারণে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। চার-পাঁচ দিন ধরে প্রতিদিন ভারতীয় পেঁয়াজবোঝাই ১০ থেকে ১৫টি ট্রাক শ্যামবাজারে ঢুকছে। গতকাল পাইকারিতে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৫৮ টাকা, ভারতীয় পাটনা জাতের পেঁয়াজ ৫৫ ও নাসিক জাতের পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হয়। শ্যামবাজারের আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, অল্প কিছুদিনের মধ্যে ভারতের বেঙ্গালুরুর পেঁয়াজের একটি ফলন উঠবে। সেটি এসে গেলে অবস্থার পরিবর্তন হতে পারে। পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারলে খুচরা বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমবে বলে মন্তব্য করে তিনি বলেন, এ জন্য সরকারের পক্ষ থেকে কাঁচাবাজারগুলোতে নজরদারি বাড়ানো দরকার। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব পেঁয়াজ আমদানি করা হবে ভারত ও মিয়ানমার থেকে। অবশ্য গত সপ্তাহে এ বিষয়ে টেন্ডার হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। চালের দাম বাড়ছে: দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। কারওয়ান বাজারে দুই সপ্তাহ আগে যে নাজিরশাইল ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হয়েছিল, গতকাল প্রকারভেদে তা ৫০ থেকে ৫৭ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে ৪১-৪২ টাকার মিনিকেট ৪৬ থেকে ৪৮, ৩২-৩৩ টাকার বিরি-২৮ জাতের মোটা চাল ৪০ থেকে ৪৪ ও গুটি জাতের চাল ৩৬ থেকে ৩৭ টাকা দরে বিক্রি হয়েছে গতকাল।চাল ব্যবসায়ী খুরশেদ আলম ও আমীন হোসেন জানান, মিলমালিকেরা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন। প্রতিবছরই রোজার ঈদের পর এভাবে কোনো কারণ ছাড়াই মিলমালিকেরা দাম বাড়ান বলে অভিযোগ করেন তাঁরা। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরে মিনিকেট ও মোটা চালের দাম কেজিপ্রতি তিন-চার টাকা বেড়েছে। ধানের মজুত থাকলেও দাম বাড়ার পেছনে মিলমালিকদের সিন্ডিকেটই কারণ বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মিলমালিকদের দাবি, বৈরী আবহাওয়া ও ধানের মজুত শেষের দিকে হওয়ায় চালের দাম বেড়েছে। খাজানগরে গত বৃহস্পতিবার মিনিকেট চাল মিলে প্রতি মণ এক হাজার ৬৩০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে দাম ছিল এক হাজার ৪৬০ টাকা। অন্যদিকে এক হাজার ৩০০ টাকার মোটা চাল বিক্রি হচ্ছে এক হাজার ৪৪০ টাকায়। রশিদ এগ্রো ফুড প্রডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী আবদুর রশিদ বলেন, সিন্ডিকেটের কোনো বিষয় নয়। ব্যবসায় লাভ না করলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। তা ছাড়া ধানের মজুত শেষের দিকে।কিন্তু কুষ্টিয়া চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, কৃষকেরা ধান ছাড়ছেন না। আবার সরকারের কাছেও এখন বেশি চাল নেই। তাই হয়তো কোনো কোনো মিলমালিক দাম কিছুটা বাড়াচ্ছেন। তবে প্রশাসন মাঠে থাকলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।জানতে চাইলে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, খাজানগরে মোকাম তদারক করা হচ্ছে। কোনো অনিয়ম ও ধানের অতিরিক্ত মজুত পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।খোলাবাজারে বিক্রি: চালের দাম বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে সরকারের খাদ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান বলেন, প্রতিদিন ৬০০ মেট্রিক টন মোটা চাল ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ আশপাশের শ্রমঘন এলাকা ও ছয় বিভাগীয় শহরে এ চাল বিক্রি করা হচ্ছে।