পেছন ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৩০, উরুগুয়ে প্রথম আসরের স্বাগতিক হিসেবে উরুগুয়েকে বেছে নেওয়ার দুটো কারণ ছিল: উরুগুয়ের স্বাধীনতার শতবর্ষ উদ্যাপন এবং অলিম্পিক ফুটবলে সে সময় টানা দুবার (১৯২৪ ও ১৯২৮) চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। সিদ্ধান্তটি ইউরোপীয় দেশগুলোর খুব একটা পছন্দ হয়নি। কারণ তো অবশ্যই সে সময়ের যোগাযোগব্যবস্থা এবং ইউরোপ থেকে উরুগুয়ের দূরত্ব। মাত্র চারটি ইউরোপীয় দেশ খেলতে এসেছিল—ফ্রান্স, রুমানিয়া, বেলজিয়াম আর যুগোস্লাভিয়া। ১৩টি দল আর তিন ভেন্যুর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে শিরোপা জিতেছিল উরুগুয়েই।সর্বোচ্চ গোলদাতা: আর্জেন্টিনার গুইলার্মো স্টাবিল (৮টি)।১৯৩৪, ইতালি প্রথম বিশ্বকাপে বাছাইপর্ব পেরোনোর ঝক্কি ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বকাপে ৩২টি দল খেলতে আগ্রহী হওয়ায় বাছাইপর্বের আয়োজন করতে হয়। স্বাগতিক ইতালিকেও বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিতে হয় ১৬ দলের টুর্নামেন্টে। ইউরোপকে প্রথম আসরে অবজ্ঞার পাল্টা জবাব দিতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল আর্জেন্টিনা, ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলেইনি। দক্ষিণ আমেরিকানদের এমন প্রতিবাদের ফসল—কোয়ার্টার ফাইনালের আটটি দলই ছিল ইউরোপের! ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি আর চেকোস্লোভাকিয়া। জিওসেপ্পে মিয়াজ্জার বানিয়ে দেওয়া বলে অতিরিক্ত সময়ে গোল করে ইতালিকে প্রথম শিরোপা এনে দেন অ্যাঞ্জেলো শিয়াভিও। সর্বোচ্চ গোলদাতা: চেকোস্লোভাকিয়ার ওল্ডরিখ নেজেডলি (৫টি)। ১৯৩৮, ফ্রান্স ইউরোপ-জুড়ে ঘনিয়ে আসছিল মহাযুদ্ধের কালো মেঘ। টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রিয়া, স্পেন, আর্জেন্টিনা আর উরুগুয়ে। হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ইতালি। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম উত্তেজনাকর ম্যাচের জন্ম হয়েছিল এ আসরেই। লিওনিডাস অতিরিক্ত সময়েই দুটো গোল করে পোল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে জিতিয়েছিলেন ৬-৫ ব্যবধানে। চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালটাও উত্তেজনার আগুন ছড়িয়েছিল বেশ। যে ম্যাচে খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে গিয়েছিল হাতাহাতি। ১-১-এ ড্রয়ের পর রিপ্লেতে ব্রাজিলকে আবার উদ্ধার করেন লিওনিডাস। ইতালির বিপক্ষে সেমিফাইনালে তাঁকে বিশ্রামে রেখেছিলেন ব্রাজিল কোচ। যেন ফাইনালে তরতাজা লিওনিডাসকে পাওয়া যায়। আফসোস, সেমিফাইনালেই ইতালির কাছে ১-২ গোলে আটকে গেল ব্রাজিল।সর্বোচ্চ গোলদাতা: ব্রাজিলের লিওনিডাস (৭টি)।১৯৫০, ব্রাজিল অনেক কারণেই এই বিশ্বকাপটি স্মরণীয় হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১২ বছরের বিরতি দিয়ে চতুর্থ আসর। বিশ্বকাপের আঠারোটি আসরে এটাই একমাত্র টুর্নামেন্ট, যেখানে কোনো ফাইনাল হয়নি। এই বিশ্বকাপেই ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এসব ছাপিয়ে ব্রাজিলে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে অলিখিত ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচটির জন্য। উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল। পয়েন্ট তালিকার অবস্থা ছিল এমন, শেষ ম্যাচটা ড্র করলেই চ্যাম্পিয়ন ব্রাজিল! মারাকানায় নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী হতে ভিড় জমেছিল ২ লাখ মানুষের। যাঁদের বেশির ভাগই ঘরে ফিরেছেন কাঁদতে কাঁদতে! ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ট্রফিটা জিতেছিল উরুগুয়েই।সর্বোচ্চ গোলদাতা: ব্রাজিলের আদেমির (৮টি)।১৯৫৪, সুইজারল্যান্ড বিশ্বকাপটা হতে পারত ফেরেঙ্ক পুসকাস আর তাঁর ‘ম্যাজিকাল ম্যাগিয়ার্স’-এর সাফল্যগাথার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। অথচ সেটি আজও হাঙ্গেরির কাছে আক্ষেপের প্রতিশব্দ! টানা ২৮ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছিল পুসকাসের দল। দক্ষিণ কোরিয়াকে ৯-০, জার্মানিকে ৮-৩ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল; ব্রাজিল আর উরুগুয়ে দুই দলকেই ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল। এরপর? আট মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েও ফাইনালটা জিততে পারেনি হাঙ্গেরি। দ্বিতীয় রাউন্ডে উঠতে প্লে-অফ খেলা জার্মানিই জিতল শিরোপা। জানিয়ে দিল, শেষ না হওয়া পর্যন্ত জার্মানরা হার মানতে নারাজ!সর্বোচ্চ গোলদাতা: হাঙ্গেরির স্যান্ডর ককসিস (১১টি)।১৯৫৮, সুইডেন ব্রাজিলের অপেক্ষার পালা ফুরাল। কিসের অপেক্ষা। প্রথমত শিরোপার তো বটেই, দ্বিতীয়ত এক মহাতারকার আগমনের। এই বিশ্বকাপ দিয়েই ১৭ বছর বয়সী এক তরুণ বিশ্বকে জানিয়ে দিয়েছিল তাঁর আগমনি-বার্তা। পেলে, ফুটবলের সর্বকালের মহানায়ক। পেলের জোড়া গোলেই স্বাগতিকদের ৫-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে তাঁর একমাত্র গোলই সেমিতে তুলেছিল ব্রাজিলকে। ওই গোলটি করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন পেলে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তার পরও পেলে নন; ফ্রান্সের জাঁ ফন্টেইন। এক আসরেই ১৩টি গোল করেছিলেন এই ফরাসি।সর্বোচ্চ গোলদাতা: ফ্রান্সের জাঁ ফন্টেইন (১৩টি)।১৯৬২, চিলি টানা দ্বিতীয় শিরোপা ব্রাজিলের, সেটিও প্রায় পেলেকে ছাড়াই! চোটের কারণে টুর্নামেন্টের বড় একটা অংশ দর্শক হয়ে থাকতে হয়েছিল প্রথম বিশ্বকাপ শিরোপা জেতার নায়ককে। তার পরও চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখল ব্রাজিল। এই বিশ্বকাপেই জন্ম ‘ব্যাটল অব সান্তিয়াগো’র। চিলি বনাম ইতালির ম্যাচটি কুিসত এক লড়াইয়ে রূপ নিয়েছিল। যে ম্যাচের বর্ণনা করে রেফারি কেন অ্যাস্টন জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছিল, যেন আবার ফিরে গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে! পর এই অ্যাস্টনের হাত ধরেই ফুটবলে প্রচলন হয় লাল আর হলুদ কার্ড।সর্বোচ্চ গোলদাতা: চারটি করে গোল করেছিলেন ছয়জন (গ্যারিঞ্চা, ভাভা, লিওনেল সানচেজ, ফ্লোরিয়ান অ্যালবার্ট, ভ্যালেন্তিন ইভানভ, দ্রাজান জার্কোভিচ)।১৯৬৬, ইংল্যান্ড এই বিশ্বকাপের ফাইনালটি ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়। না, কেবল ইংল্যান্ড তাদের প্রথম শিরোপা জিতেছিল বলে নয়, এটাই এখন পর্যন্ত একমাত্র ফাইনাল, যে ম্যাচ দেখেছিল হ্যাটট্রিক। জিওফ হার্স্টের সেই হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। যদিও অতিরিক্ত সময়ে তাঁর দুটো গোলের একটি লাইন পেরিয়েছে কি না সে নিয়ে বিতর্ক হয় আজও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল বাদ পড়ে যায় প্রথম রাউন্ডেই। প্রথম এশীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যায় উত্তর কোরিয়া। টুর্নামেন্ট শুরুর আগে আগে চুরি হয়ে গিয়েছিল ট্রফিটা। লন্ডনে সেটি খুঁজে বের করে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে পিকলেস নামের একটি কুকুরও!সর্বোচ্চ গোলদাতা: পর্তুগালের ইউসেবিও (৯টি)।১৯৭০, মেক্সিকো আগের বিশ্বকাপের ব্যর্থতা মুছে ফেলে আবারও শিরোপা জিতে নেয় ব্রাজিল। টানা চারটি টুর্নামেন্টের তিনটিরই ট্রফি ওঠে তাদেরই হাতে। পেলে খেলেন তাঁর চতুর্থ বিশ্বকাপের শেষটি। প্রতিটা ম্যাচে গোল করেন জেয়ারজিনহো। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় ‘ক্যাপ্টেন’ কার্লোস আলবার্তোর দল। এই বিশ্বকাপেই প্রথম চালু হয় হলুদ এবং লাল কার্ড। অবশ্য লাল কার্ড দেখানোর প্রয়োজন পড়েনি। তিনবার শিরোপা জেতায় জুলে রিমে ট্রফিটা একেবারেই দিয়ে দেওয়া হয় ব্রাজিলকে। ইতালি-জার্মানি সেমিফাইনালটা সর্বকালের সেরা ম্যাচের একটি। ৪-৩ গোলে নিষ্পত্তি হওয়া ম্যাচে পাঁচটি গোলই হয়েছিল অতিরিক্ত সময়ে।সর্বোচ্চ গোলদাতা: জার্মানির জার্ড মুলার (১০টি)।১৯৭৪, জার্মানি বিশ্বকাপে আবির্ভাব হলো ‘টোটাল ফুটবলে’র। কিন্তু ১৯৫৪তে ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’দের হটিয়ে দিয়েছিল যারা, সেই জার্মানদের ছকেই আটকে গেল রাইনাস মিশেলস্ আর ইয়োহান ক্রুইফের হল্যান্ড। খেলার আগে অন্য এক খেলা খেলে হল্যান্ডকে হকচকিয়ে দিয়েছিল জার্মান সংবাদমাধ্যম। কিন্তু ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল ডাচরা। শেষরক্ষা হয়নি। ২৫ মিনিটে সমতা ফেরায় জার্মানি। ৪৩ মিনিটে জার্ড মুলার বিশ্বকাপে তাঁর ১৪তম গোলটি করেন। ২০ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে জার্মানি। সর্বোচ্চ গোলদাতা: পোল্যান্ডের জর্জ লাটো (৭টি)১৯৭৮, আর্জেন্টিনা প্রায় আধা শতাব্দী আর দশটি বিশ্বকাপের পর অপেক্ষার পালা ফুরাল আর্জেন্টিনার। কিন্তু অপেক্ষা ফুরাল না ডাচদের। টানা দ্বিতীয় ফাইনালে উঠেও শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। ফাইনালে ওঠার আগে অবশ্য কঠিন সমীকরণের সামনে পড়ে গিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। সেবার ফরম্যাট অনুযায়ী দ্বিতীয় রাউন্ডও হয়েছিল দুটো গ্রুপে ভাগ করে। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। এ রকম অবস্থায় গ্রুপ পর্বে শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল স্বাগতিকেরা। ফাইনালে যেতে হলে শেষ ম্যাচটা ৪ গোলের ব্যবধানে জিততে হতো আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা জিতেছিল ৬-০ গোলে। নিন্দুকেরা অবশ্য দাবি করে, ম্যাচটি ছিল পাতানো। ফাইনালেও কাঠখড় পোড়াতে হয়। অতিরিক্ত সময়ের দুটো গোল ৩-১-এ জেতায় আর্জেন্টিনাকে। সর্বোচ্চ গোলদাতা: আর্জেন্টিনার মারিও কেম্পেস (৬টি)।১৯৮২, স্পেন আকার-আয়তনে আগের বিশ্বকাপের তুলনায় বেড়ে যায় দ্বাদশ বিশ্বকাপ। দলের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় ২৪টি। বিশ্বকাপের নায়ক ইতালিয়ান স্ট্রাইকার পাওলো রসি। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক, সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথম গোল—তিন ম্যাচেই রসির নামের পাশে শুধু ছয়টি গোলই লেখা হয়নি, ১৯৩৮-এর পর দীর্ঘ অপেক্ষা শেষে তৃতীয় ট্রফি জেতে ইতালি। জার্মানরা ফাইনালে উঠেছিল ফ্রান্সের সঙ্গে জমজমাট এক ম্যাচ জিতে। ৯১ মিনিট পর্যন্ত ১-১ সমতার কারণে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ৯২ আর ৯৮ মিনিটে গোল করে ৩-১-এ এগিয়ে ফ্রান্স। প্রথমবারের মতো ফাইনালে ওঠার রোমাঞ্চ টের পেতে শুরু করেছে প্লাতিনির দল। কিন্তু জার্মানরা হার মানবে কেন? ১০২ আর ১০৮ মিনিটে শোধ হয়ে গেল দুটো গোলই। হকচকিত ফ্রান্স হারল টাইব্রেকে।সর্বোচ্চ গোলদাতা: ইতালির পাওলো রসি (৬টি)।১৯৮৬, মেক্সিকো কত শত অজস্র গল্পগাথা লেখা হয়েছে এই বিশ্বকাপ ঘিরে। অবশ্যই কেন্দ্রে মহানায়ক একজনই। ডিয়েগো ম্যারাডোনা। আসরটি আসলে হওয়ার কথা ছিল কলম্বিয়ায়। কিন্তু তারা অপারগতা প্রকাশ করায় দায়িত্ব পায় মেক্সিকো। প্রথম দেশ হিসেবে দুটো আসর আয়োজনের গৌরবে স্নাত হয় দেশটি। কিন্তু আসল গৌরব, উদ্ধত অহংকার, কিংবদন্তি...সবকিছুই আসলে জমা পড়ে ম্যারাডোনার নামের পাশে। কোয়ার্টার ফাইনালে সেই দুটো বহুল আলোচিত গোল—‘হ্যান্ড অব গড’ আর ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ফাইনালে আর্জেন্টিনার সামনে জার্মানি। ৭৩ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকার পরও সমতা ফিরিয়ে এনে যারা আবারও হার-না-মানা মানসিকতার পরিচয় দিয়েছিল। ৮৩ মিনিটে হোর্হে বুরুচাগা জীবনের সবচেয়ে স্মরণীয় গোলটি করলেন। ৩-২-এ জিতে গেল আর্জেন্টিনা।সর্বোচ্চ গোলদাতা: ইংল্যান্ডের গ্যারি লিনেকার (৬টি)।১৯৯০, ইতালি ভিন্ন দেশ, ভিন্ন আমেজ; কিন্তু ফাইনালে চার বছর আগের দুই প্রতিপক্ষই—আর্জেন্টিনা-জার্মানি! এবার কিন্তু চোখে অশ্রু আর হূদয়ে রক্তক্ষরণ নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার এক নম্বর শত্রু বনে গেলেন এডগার্ডো কডেসাল। তাঁর বিতর্কিত সিদ্ধান্তেই তো ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে গেল জার্মানি। আর সেখান থেকে আন্দ্রিয়াস ব্রেমার গোলে জিতে গেল লোথার ম্যাথাউসের দল। কডেসালের কুশপুতুল বুঝি আজও পোড়ে আর্জেন্টিনায়! প্রথম আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে আসে ক্যামেরুন। সর্বোচ্চ গোলদাতা: ইতালির সালভাতর শিলাচি (৬টি)। ১৯৯৪, যুক্তরাষ্ট্র বেশ কিছু অঘটনের জন্ম দিয়েছে এই বিশ্বকাপ। ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের মতো দল বাছাইপর্বের বৈতরণীই পেরোতে পারেনি। ডোপ টেস্টে ধরা পড়ে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। আত্মঘাতী গোল করার খেসারত দিতে গিয়ে পানশালার সামনে আততায়ীর গুলিতে নিহত হন কলম্বিয়ার আন্দ্রেস এস্কোবার। ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি আর ব্রাজিল। দুই দলের সামনে ছিল চতুর্থ শিরোপা জেতার হাতছানি। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর প্রথমবারের মতো কোনো ফাইনালের ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকের লটারিতে। আর সেখানে গিয়ে বল ওপর দিয়ে উড়িয়ে মারলেন সে সময়ের সেরা খেলোয়াড়দের একজন রবার্তো বাজ্জো! কার্লোস দুঙ্গা উঁচিয়ে ধরলেন সোনালি ট্রফিটা।সর্বোচ্চ গোলদাতা: বুলগেরিয়ার রিস্টো স্টইচকভ এবং রাশিয়ার ওলেগ সালেঙ্কো (৬টি)।১৯৯৮, ফ্রান্স মিশেল প্লাতিনিরা পারেননি, কিন্তু জিনেদিন জিদানরা ঠিকই পারলেন। সুদীর্ঘ বছরের ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে ভাসলেন সফলতার আনন্দে। ভাসালেন জিদান। ফাইনালে করলেন জোড়া গোল। ব্রাজিলের বিপক্ষে ফ্রান্স জিতল ৩-০ গোলের ব্যবধানে। এই বিশ্বকাপ থেকেই শুরু ৩২ দলের বর্তমান ফরম্যাট। টুর্নামেন্টের বড় চমক ছিল ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে জার্মানিকে তারা হারিয়ে দিয়েছিল ৩-০ গোলে। সেমিফাইনালেও কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকদের। শেষ পর্যন্ত লিলিয়ান থুরামের জোড়া গোল ফাইনালে নিয়ে যায় ফ্রান্সকে। অন্য সেমিফাইনালে আবারও টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল। কিন্তু বিধ্বংসী ফ্রান্সের সামনে টিকতে পারেননি তাঁরা।সর্বোচ্চ গোলদাতা: ক্রোয়েশিয়ার ডেভর সুকার (৬টি)।২০০২, দ. কোরিয়া-জাপান এশিয়ায় আয়োজিত প্রথম আসর। যৌথ আয়োজকেরও প্রথম বিশ্বকাপ। ১৭তম আসর আরও অনেক চমক নিয়ে বসেছিল। বাছাইপর্বে দুর্দান্ত খেলা আর্জেন্টিনা বাদ পড়ে যায় গ্রুপ পর্বেই। সেনেগালের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সেরও বিদায় গ্রুপ পর্বেই! সেমিফাইনালের চার দলের দুটোই ছিল চমক—দক্ষিণ কোরিয়া আর তুরস্ক। অবশ্য শেষ পর্যন্ত ফাইনালে ওঠে দুই ফেবারিট জার্মানি-ব্রাজিলই। আগের বিশ্বকাপের ফাইনালের জ্বালা জুড়াতে যেন জ্বলে ওঠেন রোনালদো। ফাইনালের আগ পর্যন্ত মাত্র একটা গোল হজম করেছিল জার্মানি। দুর্দান্ত খেলছিলেন অলিভার কান। অতন্দ্র গোলপ্রহরী হয়ে উঠেছিলেন। কিন্তু ফাইনালে সেই কান কেমন যেন বিভ্রান্ত। সেটার চূড়ান্ত ফায়দা লুটলেন রোনালদো। জোড়া গোল! সব মিলে ওই আসরে গোলের বন্যা ছুটিয়েছেন এই স্ট্রাইকার।সর্বোচ্চ গোলদাতা: ব্রাজিলের রোনালদো (৮টি)।২০০৬, জার্মানি বিশ্বকাপটা হতে পারত জিনেদিন জিদান রূপকথার শেষ অধ্যায়। জাতীয় দলের ডাকে ফিরেছিলেন অবসর ভেঙে। সেই কী এক রূপকথার মতো প্রত্যাবর্তন! অনেককেই চমকে দিয়ে ফাইনালে ফ্রান্স, গ্রুপ পর্বই যারা পেরিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে (১ জয়, ২ ড্র)। ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন জিদান। ১২ মিনিট পর গোল শোধ করে দিলেন মার্কো মাতেরাজ্জি। ফাইনালের দুই গোলদাতা শেষ পর্যন্ত মুখোমুখি অন্য এক লড়াইয়ে। কথা দিয়ে আঘাত করেছিলেন মাতেরাজ্জি। আর জিদান পাল্টা জবাব দিয়েছিলেন ঢুস মেরে। কাকতালীয় বলতে পারেন, ম্যাচের দুই গোলদাতাও জিদান আর মাতেরাজ্জিই! শেষ পর্যন্ত টাইব্রেক। ডেভিড ত্রেজেগের মিস। দুই যুগ পর শিরোপা জিতল ইতালি পুরো টুর্নামেন্টে মাত্র দুটো গোল খেয়েছে চ্যাম্পিয়নরা। একটি আত্মঘাতী, অন্যটি পেনাল্টি থেকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে, আর্জেন্টিনাও। তবে এই টুর্নামেন্টেই ২৪ পাসের গোলটি করেছেন ক্যাম্বিয়াসো। আর তিনটি গোল করে ব্রাজিলের রোনালদো রেকর্ডের খাতা থেকে জার্ড মুলারকে সরিয়ে হয়ে গেছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (১৫টি)।সর্বোচ্চ গোলদাতা: মিরোস্লাভ ক্লোসা (৫টি)রসির প্রত্যাবর্তন১৯৭৮ বিশ্বকাপেও তিন গোল করেছিলেন, কিন্তু তারকা বলতে যা বোঝায়, পাওলো রসি তখনো ঠিক তা হয়ে ওঠেননি। যখন হয়ে উঠছেন, তখনই ছন্দপতন। সিরি ‘আ’তে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে ১৯৮০ সালে তিন বছরের জন্য নিষিদ্ধ হন রসি। নিষেধাজ্ঞাই শেষ হওয়ার কথা ১৯৮৩ সালে। অথচ ১৯৮২ সালে ইতালিকে ৪৪ বছর পর বিশ্বকাপ জেতালেন কিনা এই রসিই!নিষেধাজ্ঞা দেওয়ার কিছুদিন পরই শাস্তি কমিয়ে দু বছর করা হয়েছিল। দু বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে রসি যখন ফিরলেন, বিশ্বকাপ তখন দুয়ারে। কোচ এনজো বিয়ারজোত তবু দলে রাখলেন তাঁকে, উপেক্ষা করলেন মিডিয়ার তীব্র সমালোচনা। প্রথম রাউন্ডে তিন ম্যাচই ড্র করল ইতালি, গোল হলো মাত্র দুটি। গোল-গড়ে ক্যামেরুনকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে উঠে আর্জেন্টিনাকে হারাল তারা ২-১ গোলে। কিন্তু চার ম্যাচে রসির গোল নেই একটিও!বিয়ারজোতের ওপর চাপ আসছিল রসিকে না খেলানোর জন্য। সেটিকে পাত্তা না দিয়ে কোচ রসিকে ব্রাজিলের বিপক্ষে আরেকটি সুযোগ দিলেন। জিকো-সক্রেটিস-ফ্যালকাওদের নিয়ে ব্রাজিল তখন অপ্রতিরোধ্য, ওই ম্যাচ ড্র করলেই চলে যাবে সেমিফাইনালে। ব্রাজিলের বিপক্ষে ইতালির ড্রয়ের সম্ভাবনাকেও অঘটন বলে রায় দিয়ে দিয়েছিলেন বোদ্ধারা। নিজেকে ফিরে পেতে এই ব্রাজিলকেই বেছে নিলেন রসি। তাঁর হ্যাটট্রিকে থেমে গেল ব্রাজিলের জয়রথ। এরপর সেমিফাইনালে তাঁর দু গোলেই পোল্যান্ডকে হারাল ইতালি। ফাইনালে জার্মানির বিপক্ষে ৩-১ গোলের জয়েও প্রথম গোলটা রসির পা থেকে। ৬ গোল করে জিতলেন গোল্ডেন বুট, গোল্ডেন বলও। শিরোপার সঙ্গে এই দুটিও জয়ের রেকর্ড আছে আর শুধু মারিও ক্যাম্পেসের, ১৯৭৮ সালে।সব বিতর্ক-সমালোচনা ধুয়ে-মুছে রসি যখন দেশে ফিরলেন, পাওলো রসি নামটির আগে তত দিনে বসে গেছে ‘দ্য গ্রেট’!গ্রন্থনা: আরিফুল ইসলাম