১৯৭৪ সালের মে মাসে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্থল-সীমানা নির্ধারণ এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিটি দুই দেশের প্রগাঢ় বন্ধুত্ব, আন্তরিক মনোভাব ও পারস্পরিক বিশ্বাস, আর সবার ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী—এ দুজন মহান রাষ্ট্রনায়কের শান্তি ও সম্প্রীতির অন্তর্দৃষ্টির প্রতীক। এই দুটি জাতির ওপর ঐতিহাসিকভাবে বর্তানো কিছু প্রলম্বিত এবং জ্বালাতনকারী (vexing) সমস্যার মীমাংসা করাই ছিল এই সমন্বিত চুক্তির অভিপ্রায়। সংশ্লিষ্ট সবাই এটা কবুল করেছেন যে, দুই দেশের মধ্যকার সুদীর্ঘ সীমান্তে জারি থাকা ছোট-বড় নানা অস্থিরতার কারণ নির্মূল করার ক্ষেত্রে একটি অপরিহার্য কর্তব্য হলো শুধু কাগজে-কলমে নয়, মনেপ্রাণে এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। চুক্তির নানা ধাপ বাস্তবায়নের জন্য যে কিছু সময় দরকার, সেটা দুই নেতা জানতেন এবং সেই অনুযায়ী বাস্তবানুগ সময়সীমাও তাঁরা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দুই দেশের সরকারপক্ষ এবং যাঁরা বিষয়টির কর্তৃত্বে ছিলেন, তাঁরা এ বিষয়ে তাঁদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হন। তাঁরা তাঁদের ওপর ন্যস্ত ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারেননি। তাঁরা সত্যের অপলাপ এবং কালক্ষেপণ করেছেন, আর যেটা করা আবশ্যক ছিল, সেটা করেননি। ফলে সীমান্তের বিদ্যমান সমস্যাগুলোকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হয় এবং কালক্রমে সমস্যাটি আরও জটিল হয়ে উঠতে থাকে। একটু যদি পেছন ফিরে তাকাই তাহলে এ বিষয়টি বুঝতে সুবিধা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বিদ্যমান সমস্যার বেশির ভাগই অতি পুরোনো, ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে পাওয়া ভারতের স্বাধীনতা ও বিভক্তির সময় এসব সমস্যা শুরু হয়েছে। ভারত ও পূর্ব পাকিস্তানের (অর্থাৎ ৭১-পরবর্তী বাংলাদেশ) জরিপ-আমিনরা প্রথম দিন থেকেই আন্তর্জাতিক সীমানা চিহ্নিত ও অঙ্কিত করার জন্য কাজ করছিলেন। তাঁদের চেষ্টা ছিল যথাসাধ্য স্যার সিরিল র্যাডক্লিফের আঁকা রেখা এবং লিখিত বিবরণ মেনে চলা, কিন্তু শিগগির তাঁরা এমন ভিন্নতার মুখোমুখি হলেন, যাকে মেলানো একেবারে অসম্ভব। এই সূত্র ধরেই এলো ব্যাগি রোয়েদাদ (২৬ জানুয়ারি ১৯৫০), আর তার সঙ্গে এল রাশি রাশি রাজনৈতিক আর আইনি ব্যাপার—যার পরিণাম আগে থাকতে আঁচ করা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পাকিস্তানের ফিরোজ খান নুন প্রথম সীমান্ত চুক্তি সম্পাদন করলেন ১৯৫৮ সালের ১০ সেপ্টেম্বর। পূর্বাঞ্চলে ১৯৫৮ সালের চুক্তির মাধ্যমে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে প্রধানত তিনটি লক্ষ্য অর্জনের কথা ভাবা হয়েছিল। প্রথমত, সীমান্তের বিভিন্ন সেক্টরে সীমানা নির্ধারণে যেসব অসংগতি বিঘ্ন সৃষ্টি করছে, সেগুলোর নিষ্পত্তি করা। সেই সঙ্গে দক্ষিণ বেরুবাড়ির ১২ নম্বর ইউনিয়নের সমস্যার সমাধান। এই ইউনিয়নটি স্যার র্যাডক্লিফের অঙ্কিত রেখা অনুসারে ভারতের ভাগে পড়ে, আর তাঁর লিখিত বিবরণ অনুসারে পড়ে পাকিস্তানের ভাগে। কোথাও এ রকম অসংগতি দেখা দিলে সীমান্তের লিখিত বিবরণকেই মান্য ধরা হবে এ রকম কথা ছিল। কিন্তু এই ইউনিয়নের অধিবাসীদের সিংহভাগ অমুসলিম হওয়ায় তারা পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করে। এভাবেই পেরিয়ে যায় এক দশকেরও বেশি সময়; কিন্তু এই ইস্যুটির নিষ্পত্তি করা সম্ভব হয় না। দক্ষিণ বেরুবাড়ি ১২ নম্বর ইউনিয়ন ভারতের অংশ হিসেবে ভারতের সঙ্গেই যুক্ত থেকে যায়। ভারতের সরকার পাকিস্তানের কাছে এর মালিকানা হস্তান্তর করতে পারেনি। আর পাকিস্তানের সরকারও এটির কর্তৃত্ব গ্রহণ করতে পারেনি। ১৯৫৮ সালের চুক্তিতে স্থির হয়, ইউনিয়নটিকে মোটামুটি সমানভাবে দুই ভাগ করে ফেলতে হবে। দক্ষিণের অর্ধেক আরও দুটি ছিটমহলের সঙ্গে—পাবে পাকিস্তান, আর উত্তরের অর্ধেক ভারতের অন্তর্ভুক্ত থেকে যাবে। দ্বিতীয়ত, এই চুক্তির লক্ষ্য ছিল, তথাকথিত ছিটমহল সমস্যার মীমাংসা করা। পূর্ব পাকিস্তানে ভারতীয় ছিটমহল ছিল ১১৩টি, আর ভারতের মধ্যে পূর্ব পাকিস্তানের ছিটমহল ছিল ৫৩টি। এই চুক্তিতে নির্ধারিত হয় যে, ছিটমহলগুলো যে দেশের মধ্যে পড়েছে, সেই দেশেরই অঙ্গীভূত হবে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে যেসব ভারতীয় ছিটমহল আছে, সেগুলো পূর্ব পাকিস্তানের হয়ে যাবে, আর ভারতে যেসব পূর্ব পাকিস্তানের ছিটমহল আছে, সেগুলো পাবে ভারত। ফলে যে বাড়তি জায়গা পেয়ে যাচ্ছে পাকিস্তান, সে জন্য ভারত কোনো ক্ষতিপূরণ পাবে না। তৃতীয়ত, সীমান্তের সীমানা নির্ধারণের পর সেই অনুযায়ী ভূখণ্ড বিনিময় করা হবে। সীমান্ত চিহ্নিত করার ফলে যেসব ভূখণ্ড অন্যায্যভাবে কোনো দেশের অধিকারে আছে (যেটার অর্থ হলো, অপদখলীয় এলাকা) বলে জানা যাবে, সেগুলো ন্যায্যত যে দেশের অধিকারে থাকা উচিত, সেই দেশের কাছে হস্তান্তর করতে হবে। তা সত্ত্বেও ১৯৫৮ সালে স্বাক্ষরিত নেহরু-নুন চুক্তির সেসব দিক বাস্তবায়ন করা সম্ভব ছিল না, যে দিকগুলোতে ছিটমহলগুলোর পারস্পরিক বিনিময় এবং দক্ষিণ বেরুবাড়ি ১২ নম্বর ইউনিয়নের দক্ষিণ অংশ ভারত কর্তৃক পূর্ব পাকিস্তানের কাছে হস্তান্তরের মতো বিষয়গুলো ছিল। এর কারণ ছিল ভারতীয় নাগরিকদের রুজু করা মামলা। এই মামলায় দক্ষিণ বেরুবাড়ির গোটা ইউনিয়নটি দাবি করা হয়, কারণ এটা ভারতীয় সংবিধান বলবৎ হওয়ার সময়কাল থেকেই ভারতীয় ভূখণ্ডের অংশ, এবং কোচবিহার রাজ্যের অন্তর্ভুক্ত যেসব ছিটমহল আছে, সেগুলোও ভারতের অংশ। সে কারণেই ইউনিয়নের দক্ষিণ ভাগ এবং ছিটমহলগুলোর কোনোটিই কোনো বিদেশি রাষ্ট্রের কাছে ছেড়ে দেওয়া যেতে পারে না। যথাসময় মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে গড়ায়। কোর্ট রায় দেন রিপাবলিক অব ইন্ডিয়া থেকে দক্ষিণ বেরুবাড়ি ১২ নম্বর ইউনিয়নের দক্ষিণ অর্ধেক বাদ দিতে হলে এবং পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলগুলো চুক্তির আবশ্যকীয় শর্ত হিসেবে বিনিময় করতে গেলে ভারতের সংবিধান সংশোধন করতে হবে। সেই অনুযায়ী ১৯৬০ সালে ভারতের সংবিধান সংশোধন করা হয় (নবম সংশোধনী)। তা সত্ত্বেও আবশ্যকীয় বিনিময় কার্যকর হয়নি। কেন হয়নি, সেটা আবার অন্য কাহিনি; সম্ভবত বিধির বিধান। তাই অভ্যুদয়ের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ভারতের সঙ্গে তার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের কারণে অন্য বিষয়গুলোর সঙ্গে সঙ্গে এই তিনটি অমীমাংসিত সমস্যা উত্তরাধিকার সূত্রে লাভ করে। দুই, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী এসব সমস্যাগুলোকে সর্বোচ্চ দ্রুততার সঙ্গে সমাধানে মনোযোগী হন, কারণ তাঁরা জানতেন যে একটি পরিচ্ছন্নভাবে চিত্রিত সীমান্ত এবং এটির অলঙ্ঘনেয়তার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ দুই দেশের মধ্যকার স্থায়ী এবং শক্তিশালী বন্ধুত্বের জন্য অপরিহার্য। এটি নিয়ে তাই কর্ম পর্যায়ে, উচ্চপদস্থ কর্মকর্তাদের পর্যায়ে এবং চূড়ান্তভাবে একেবারে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে, ব্যাপকভাবে গতানুগতিক বিষয়গুলোর ওপর দেন-দরবার চলতে থাকে। অবশেষে ১৬ মে ১৯৭৪ নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যকার স্থল-সীমানা নির্ধারণ ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে চুক্তিস্বাক্ষর করেন। এই স্থল-সীমানা চুক্তি ১৯৭৪ দ্রুত ও শান্তিপূর্ণভাবে সীমান্তের মূলত ১৩টি সেক্টরে থাকা অনির্ধারিত এলাকাগুলোতে সীমানা চিহ্নিত করার জন্য এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো, যেমন ছিটমহল বিনিময় এবং অপদখলীয় এলাকা বিনিময়, যথাযথ দ্রুততার সঙ্গে সমাধানের জন্য, দুই দেশের জরিপ কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা দেয়। সেই সঙ্গে আদালতে নিষ্পত্তিযোগ্য এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল দক্ষিণ বেরুবাড়ি ১২ নম্বর ইউনিয়ন ইস্যুটির প্রায়োগিক এবং সুবিবেচনাপ্রসূত সমাধান দেয়। এই ইউনিয়নটি ১৯৫৮ সালে স্বাক্ষরিত নেহরু-নুন চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে ১৯৪৭ সালে স্যার সিরিল র্যাডক্লিফ অঙ্কিত সীমান্তরেখা অনুসরণ করে ভারতেরই অন্তর্ভুক্ত থেকে গেছে। যে দুর্ভাগ্যজনক পরিস্থিতির কথা এতক্ষণ ধরে বলা হলো সে কারণে, এবং ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল-সীমানা চুক্তির বাস্তবায়নে কোনো অগ্রগতি না ঘটার ফলে ইতিমধ্যেই দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনেক দূর পর্যন্ত মাশুল দিতে হয়েছে। বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে গুণগত পরিবর্তন চোখে পড়েছে। তাই দুই সরকারকেই সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। ১৯৭৪ সালের স্থল-সীমান্ত চুক্তির ৫ অনুচ্ছেদ অনুসারে আরও বেশি বিলম্ব এবং অকারণ উত্তেজনা পরিহার করে, চুক্তি অনুযায়ী বিনিময়ের কাজটি সম্পন্ন করতে দুই বন্ধুপ্রতিম সরকারের জন্য এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। দুই পক্ষই তাদের কার্যক্রমের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতিপাদন করেছে যে তারা কার্যত এই চুক্তিটিকে অনুমোদন করে এবং এই চুক্তির আওতাধীন সুবিধাগুলো তারা স্বতঃপ্রণোদিতভাবেই ভোগ করেছে। শুধু চুক্তির প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়নি বা এজন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাগুলো পালন করা হয়নি। এখন দুই দেশের জন্য জরুরি কর্তব্য হলো অনতিবিলম্বে তাদের নিজ নিজ প্রতিনিধিদের ১৯৭৪ সালের স্থল-সীমানা চুক্তির অনুসমর্থনের দলিলে স্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা এবং একটি নির্ধারিত দিনে এই দলিল বিনিময় করা—যা ভূতাপেক্ষভাবে এই চুক্তিকে বলবৎ করবে এবং এই চুক্তির আওতায় নির্ধারিত সীমানাকে আইনি মোড়ক প্রদান করবে। একইভাবে তিন বিঘার কাছে বাংলাদেশকে দেওয়া করিডোরের চিরস্থায়ী ইজারা দেওয়ার বিষয়টিকেও দেবে আইনি মোড়ক।