প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীতে অবশ্যই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি প্রমাণ করেছি।’শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘দুই নম্বর পথে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। যতই চেষ্টা করুন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান।’ তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘পাকিস্তানের প্রতি দরদ থাকলে সেখানে চলে যান। বাংলার মাটি কলুষিত করবেন না।’গতকাল বুধবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় ১৪ দল আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে বিরোধী দলের দাবি ও কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকারি জোট ১৪ দল রাজপথে অবস্থান ধরে রাখতে গতকাল রাজধানীতে এই জনসভা করে। ১২ মার্চের সমাবেশে বিরোধীদলীয় নেত্রী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য সরকারকে তিন মাসের সময় বেঁধে দেন। তবে প্রধানমন্ত্রী গতকালের জনসভায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করলেও বিরোধী দলের দাবি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে কিছু বলেননি। বরং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সবিস্তার বর্ণনা ছিল তাঁর বক্তৃতায়।গতকালের জনসভায় হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। বিকেল পাঁচটার মধ্যে জনসভা বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকা, প্রেসক্লাব ও জিপিও ছাপিয়ে পশ্চিমে সচিবালয় ধরে কার্জন হল হয়ে দোয়েল চত্বর, দক্ষিণে নবাবপুর রোড, নর্থ সাউথ রোড, পূর্বে মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি, উত্তরে তোপখানা রোড এবং নাইটিঙ্গেল পর্যন্ত বিস্তৃত হয়।মিছিলগুলোর সঙ্গে ছিল বাদ্যবাজনা। বিভিন্ন রঙের গেঞ্জি, বাহারি টুপি ও মাথায় রঙিন ব্যান্ড পরে নেচেগেয়ে অনেকে সমাবেশে আসেন। সমাবেশ মঞ্চের ব্যানারে জনসভা হিসেবে উল্লেখ করা হলেও বিভিন্ন স্থান থেকে আসা মিছিলের ব্যানারে এটাকে মহাসমাবেশ হিসেবে উল্লেখ করা হয়।এর আগে বেলা ১১টা থেকেই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট, বঙ্গবন্ধু এভিনিউ ও জিপিওর সামনে নেতা-কর্মীরা অবস্থান নিতে শুরু করেন। দুপুর থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মঞ্চে গান পরিবেশন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান পরিবেশন করেন সাংসদ মমতাজ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার। বিকেল চারটায় শেখ হাসিনা যখন মঞ্চে উপস্থিত হন, তখন হাজার হাজার নেতা-কর্মী তাঁকে হর্ষধ্বনি ও স্লোগানে স্বাগত জানান।প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করেন বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে। পাঁচটা ৫০ মিনিট পর্যন্ত তিনি বক্তব্য দেন। এর আগে দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। তবে কোনো বক্তাই মেঘনার লঞ্চডুবিতে নিহত ব্যক্তিদের স্মরণে কোনো কথা বলেননি।শেখ হাসিনা তাঁর বক্তৃতায় বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়েছে, তখন বিরোধীদলীয় নেত্রী ঢাকা অচলের ঘোষণা দিয়েছিলেন। তাদের রক্ষার জন্য আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ খুন করার কাজে তিনি লিপ্ত। তবে তিনি রাজাকারদের বাঁচাতে পারবেন না। জাতির পিতার হত্যাকারীদেরও তিনি রক্ষা করতে পারেননি। প্রধানমন্ত্রী বলেন, ‘থলের বিড়াল বেরিয়ে গেছে। একসময় বিএনপির নেত্রী কথায় কথায় বলতেন, আমরা নাকি দেশ বিক্রি করি। এত দিন তিনি বিদেশি দালাল খুঁজে বেরিয়েছেন। এখন পরাজিত শক্তির কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছেন। তিনি পরাজিত শক্তির দালালি করেন। জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি করে বোমা হামলা করেন।’প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী সাংবিধানিক পন্থা পছন্দ করেন না। তাঁর স্বামী ১৮টা ক্যু করেছেন। মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছেন। গণতন্ত্র হরণ করেছেন। তিনিও স্বামীর পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি হুদা, রশীদকে সংসদে আনেন। ওই খুনিদের তিনি বাঁচাতে চেয়েছিলেন।শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করি না। ২০০১ সালের পর নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, নারীদের ধর্ষণ করা হয়েছে। জনসভা করতে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের প্রত্যেকের গায়ে আঘাতের চিহ্ন আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে তাদের সমাবেশে বাধা দেইনি। কেবল বোমাবাজি না করার শর্ত দেওয়া ছিল।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত আইন বিভাগ, বিচার বিভাগসহ সবকিছু ধ্বংস করেছিল। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। প্রাইভেট টিভি চ্যানেল বন্ধ করা হয়েছিল। ১৬ জন সাংবাদিক হত্যা করা হয়। বিরোধীদলীয় নেতার একটাই লক্ষ্য ছিল, অর্থসম্পদ বানানো আর তা পাচার করা। তাঁদের অর্থ পাচারের মামলা যুক্তরাষ্ট্রে প্রমাণিত হয়েছে। সে দেশের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা দেশে এসে মানি লন্ডারিং মামলায় সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি কী জবাব দেবেন?’ শেখ হাসিনা বলেন, বিএনপির নেত্রী ক্ষমতায় থাকাকালে বিদ্যুৎ দেননি। কেবল খাম্বা দিয়েছেন। চোরাই টাকা পাঁচার করেছেন। তাঁর লজ্জা থাকা উচিত।প্রধানমন্ত্রী গত তিন বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনেক প্রাইভেট টিভি চ্যানেল ও রেডিওর অনুমতি দিয়েছে। পত্রপত্রিকাসহ গণমাধ্যম সরকারের সমালোচনা করলেও বাধা দেওয়া হয়নি। গত তিন বছরে ৬৮ লাখ ৫১৬ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সাড়ে চার লাখ মানুষের সরকারি চাকরি হয়েছে। ১০ শতাংশ দারিদ্র্য কমেছে। দারিদ্র্য বিমোচনের মডেল হয়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের ওপর রিজার্ভ আছে। তবে তাঁর অর্থনৈতিক অবস্থা ভালো না-ও থাকতে পারে।’