পেটে ছুরিকাঘাত করে, রগ কেটে ব্যবসায়ীকে হত্যা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাঙ্গাইল গ্রামে দুর্বৃত্তরা পায়ের রগ কেটে ও ছুরিকাঘাত করে রিদুয়ানুল হক নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের পানিহাটা গ্রামের শুধাংশু সেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়ির বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢোকে। দুর্বৃত্তরা রিদুয়ানুলের স্ত্রীর কোলে থাকা দেড় মাসের ছেলে সিহামের মাথায় দা দিয়ে আঘাত করে। এতে রিদুয়ানুলের স্ত্রীর হাত জখম হয়। এ সময় সিহামকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা ছুরি দিয়ে রিদুয়ানুলের পেটে আঘাত করে এবং পরে তাঁর পায়ের রগ কেটে দেয়। তারা স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়।প্রতিবেশীরা জানায়, রিদুয়ানুলের স্ত্রী মুঠোফোনে এ ঘটনা জানালে গ্রামের লোকজন ছুটে যান। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিদুয়ানুলকে মৃত ঘোষণা করেন। আহত শিশু ও তার মাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।রিদুয়ানুলের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।গ্রামবাসী জানায়, নিহত রিদুয়ানুলের বাবা মহসিন মিয়া রেলস্টেশনের একজন অবসরপ্রাপ্ত মাস্টার। বড় ভাই ইমরুল মহসিন জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব। রিদুয়ানুলের এক ভাই লন্ডনে থাকেন। রিদুয়ানুল বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় একটি বাজারে যন্ত্রাংশের ব্যবসা করতেন।পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে রিদুয়ানুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুুল বাছেদ গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।