পেটে ঢুকছে মেটে হাঁস!
জাফলংয়ে মামার বাজারে এক হোটেলে ঢুকলাম কাবাব খেতে। হোটেলের ম্যানেজার বললেন, ‘স্যার, পাতিহাঁসের মাংস আছে। দাম একটু বেশি, তবে টেস্ট ভালো। সবাইকে বলি না। এ আইটেমডা শুক্রবারের স্পেশাল।’একসময় এই হাঁসটি নদীর ধারের কাশ, নল ও হোগলার বনে আর অর্ধডুবো ধানখেতে দেখা যেত। এসব বনের বসতি ধ্বংস হওয়ায় আর শিকারিদের কবলে পড়ে এখনস এই হাঁসের দেখা মেলা ভার। এখন কেবল রাজশাহীতে পদ্মায়, মুন্সিগঞ্জের মাওয়ায় ও হাওর এলাকায়, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর, গুরমার হাওর, সোনামোড়ল হাওর, হাকালুকি হাওর ও পশুয়া বিলে মোটামুটি এই হাঁস দেখা যায়।সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ধরমপাশার সুখাইর বাজারে যেতে যেতে বেলা ১১টা বেজে গেছে। রোদ বেড়েছে; অনেক পাখিই লুকিয়ে পড়ছে। উছাডি গ্রামের ডুবির বিল পার হয়ে হেঁটে কোট্টোগোড়া হিজল ও করচের বনের কাছে পৌঁছালে বনের পাশের একটি অগভীর জলাশয়ে দুটি হাঁস দেখা গেল। কাছে যেতে না-যেতেই উড়াল দিল তারা। শামুকখোলা, ইউরেশিও কণ্ঠি ঘুঘুও ছিল সেখানে।বনের আড়ালে আধঘণ্টা অপেক্ষার পর দেখি, আবার হাঁস দুটি হাজির। ঝপাস করে জলে নামল। দুটিই দেশি মেটে হাঁস বা পাতিহাঁস (Anas poecilorhyncha)। গ্রামের লোকজন বললেন, ‘এই হাঁস মানষে ধইরা খায়।’ কোথাও বালিহাঁস নামেও পরিচিত এরা।মেটে হাঁস এখন আমাদের দুর্লভ স্থায়ী পাখি। তবে শীত মৌসুমে পরিযায়ী হিসেবেও অন্য দেশ থেকে আসে। দেখতে আমাদের পোষা হাঁসের মতো। জোড়ায় থাকে। প্রজননকাল জুলাই থেকে আগস্ট। বাসা করে জলজ আগাছা, নলবন ও লতাপাতার বনে। ডিম দেয় ছয় থেকে নয়টি। ডিম ফুটতে ২০ থেকে ২২ দিন সময় লাগে। নির্জনতায় থাকতে ভালোবাসে।কিন্তু মানুষ সেই নির্জনতার সুযোগ রাখছে না। প্রতিনিয়ত এদের আবাস ধ্বংস হচ্ছে। এরা বাসা করতে পারছে না। শিকার হচ্ছে নির্বিচারে। প্রকাশ্যে বিক্রি হচ্ছে। হোটেলে বাণিজ্যিক রান্নাও হচ্ছে। ফলে দিন দিন সংখ্যায় কম েছ।