পেটে পানীয় মনে বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদারির এই যুগ কতভাবেই না শিকল পরিয়ে রেখেছে পেশাদার ক্রিকেটারদের পায়ে! এই জেসি রাইডারের কথাই ভাবুন। না হয় পানীয়ের প্রতি একটু বেশি ঝোঁক, রাতের জীবনটা বড্ড বেশি টানে। তাই বলে দল থেকে ছুড়ে ফেলতে হবে! বেচারা রাইডার আইপিএলে গিয়েছেন মনোবিদ নিয়ে! একসময় কিন্তু এমন কড়াকড়ির বালাই ছিল না। গুন্ডাপ্পা বিশ্বনাথের একটা ঘটনা শুনুন। টেস্ট ম্যাচের আগের রাতে পুরো রাত ফুর্তি করে ফিরছেন সকালে। মাঠে যখন গেলেন, তখনো ‘হ্যাংওভার’ কাটেনি। চারে ব্যাট করার কথা তাঁর। দুই উইকেট যখন পড়ল, তখনো বসে বসে ঝিমুচ্ছেন। প্যাডটাও ঠিকমতো পরতে পারছিলেন না। সতীর্থরা একরকম ধরে-বেঁধে পাঠিয়ে দিলেন উইকেটে। প্রথম বলেই চার, কঠিন উইকেটে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে তুলে নিলেন দুরন্ত এক সেঞ্চুরি! বহু পরে এক সাক্ষাৎকারে ঘটনাটা নিজেই বলেছেন বিশ্বনাথ, তবে কোন ম্যাচ সেটা চেপে গেছেন। বর্ণনা শুনে অবশ্য অনেকের ধারণা, ১৯৮১ সালের মেলবোর্ন টেস্ট।ববি পিল তো ছিলেন আরেক ধাপ এগিয়ে। ১৮৯৪-৯৫ অ্যাশেজের সিডনি টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৮ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৬৪ রান। ইংলিশ স্পিনার পিল যখন মাঠে এলেন, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। সারা রাত বারে বসে গিলেছেন গলা পর্যন্ত! বিরক্ত অধিনায়ক অ্যান্ড্রু স্টডার্ট জোর করে পিলকে দাঁড় করিয়ে দিলেন শাওয়ারের নিচে। কাজ হলো ভেল্কিবাজির মতো। বাঁহাতি স্পিনে ৬ উইকেট তুলে নিলেন পিল, ইংল্যান্ড জিতে গেল ১০ রানে! আরিফুল ইসলাম