পেটের দায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের মুখে দুবেলা দু-মুঠো আহার জোটে না। নেই থাকার জায়গা। ভবিষ্যতেরও নেই কোনো নিশ্চয়তা। তাই নিদারুণ হতাশায় ভুগছিলেন পূর্ণিমা হালদার (৩৫)। নিরুপায় হয়ে একপর্যায়ে তিন মেয়েকে তিনি নামমাত্র মূল্যে বিক্রি করে দেন অবস্থাপন্ন ঘরে। পেটের দায়ে তিন সন্তান বিক্রি করার কথা সাংবাদিকদের কাছে এভাবেই বর্ণনা করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা পূর্ণিমা। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।পরে অবশ্য ভারতের শিশুকল্যাণ কমিটি উদ্যোগ নিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।পূর্ণিমার কোনো স্থায়ী ঠিকানা নেই। কলকাতার এক রেলওয়ে প্ল্যাটফর্মে পড়ে থাকেন তিনি। তিন সন্তানকে ভারতীয় মুদ্রায় মাত্র ১৮৫ রুপিতে বিক্রি করেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়। এ ব্যাপারে পূর্ণিমা বলেন, ‘আমি আমার সন্তানদের ঠিকমতো খেতে দিতে পারতাম না। তাই তাদের ভালো পরিবারে দিয়েছি। সেখানে তারা যত্নে থাকবে।’পূর্ণিমার কাছে জীবন মানেই এক অবিরাম সংগ্রাম। একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। এরপর একে একে কোলজুড়ে আসে পিয়া (১০), সুপ্রিয়া (৮) ও রমা (৪)। কিন্তু মাদকাসক্ত স্বামীর সংসারের প্রতি উদাসীনতা আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন পূর্ণিমা। নির্যাতন যে শুধু পূর্ণিমার ওপরই চলত, তা নয়। তিন সন্তানকেও বেধড়ক পেটাতেন ওই ব্যক্তি। এই অত্যাচার সইতে না পেরে একপর্যায়ে স্বামীর ঘর ত্যাগ করেন পূর্ণিমা। তিন মেয়ের হাত ধরে একদিন বেরিয়ে পড়েন অজানার পথে।প্রথমদিকে কলকাতার অদূরে ডায়মন্ড হারবার শহরের একটি বাড়িতে তিন সন্তানসহ ঠাঁই নেন পূর্ণিমা। কিছুদিন পর সে আশ্রয়ও হারান তিনি। পরে কাছেই একটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকতে শুরু করেন। সেখানে তাঁর পরিচয় হয় গৌরী হালদার নামের এক নারীর সঙ্গে। গৌরীর কোনো মেয়ে সন্তান না থাকায় মেজো মেয়ে সুপ্রিয়াকে তাঁর কাছে দিয়ে দিতে পূর্ণিমাকে অনুরোধ জানান। অভাব অনটনে জর্জরিত বেপরোয়া পূর্ণিমা এক মুহূর্ত না ভেবেই রাজি হয়ে যান। পরদিন অন্য দুই মেয়েকেও নির্দ্বিধায় দিয়ে দেন তিনি। তিন মেয়েকে বিক্রি করে পান মাত্র ১৮৫ রুপি।মাকে ছেড়ে যাওয়ার সময় সন্তানদের অনুভূতির ব্যাপারে পূর্ণিমা বলেন, ‘বড় দুইজন কিছুই না বলে চলে গেছে। কিন্তু ছোট্ট মেয়েটিকে বলেছি, আমরা একটা খেলা খেলছি।’তিন মেয়েকে বিক্রির পর পূর্ণিমা কলকাতার একটি হোটেলে বাসন মাজার কাজে যোগ দেন। সেখানে একদিন খুব অসুস্থ হয়ে পড়লে কাজ ছেড়ে আবার ফিরে আসেন পুরোনো ওই রেলওয়ে প্লাটফর্মে। এ সময় পূর্ণিমার বিরুদ্ধে তাঁর সন্তানদের বিক্রির অভিযোগ ওঠে। পরে শিশুকল্যাণ কমিটির সহযোগিতায় মেয়েদের ফিরে পান তিনি। বর্তমানে তাঁরা কলকাতা থেকে ৬০ কিলোমিটার দূরে বিজয়গঞ্জের একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। আগামী ছয় মাস তাঁরা এখানেই থাকবেন বলে ওই কমিটি থেকে বলা হয়েছে।তবে মেয়েদের ফিরে পাওয়ার আনন্দ যতটুকু, এর চেয়ে অনেক বেশি দ্বিধা আর সংশয় পূর্ণিমার চোখেমুখে। তিনি এখনো মনে করেন, তাঁর কাছে থাকার চেয়ে অন্যদের কাছে থাকলে মেয়েরা অনেক ভালোভাবে জীবন গড়তে পারবে।