পেট্রলপাম্প ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর কাফরুল এলাকা থেকে আজ বুধবার সকালে পেট্রলপাম্প ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত তালা কাটার একটি বড় যন্ত্র, দরজা ভাঙার যন্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার করা সাতজন হলেন—ডাকাত সর্দার আলমগীর হোসেন, কবির হোসেন ওরফে সবুজ, শাখাওয়াত হোসেন ওরফে রাজীব, আনোয়ার হোসেন, বকুল মিয়া, পিন্টু শিকদার ও বিল্লাল হোসেন।ডিবি সূত্র জানায়, এ চক্রটি দেশের বিভিন্ন জেলার পেট্রলপাম্পে ডাকাতি করে। আজ তারা কাফরুল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে ঘুরছিল। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কাফরুলের কৃষি ব্যাংকের স্টাফ প্রশিক্ষণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।আজ সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সাতজন আন্তজেলা পেট্রলপাম্প ডাকাত দলের সদস্য। এ চক্রে ১০-১২ জন সদস্য রয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।ডাকাত দলের সদস্য বিল্লাল সাংবাদিকদের জানান, তিনি ছোট ধরনের বোমা তৈরি করেন। পেট্রলপাম্পে ডাকাতির সময় পাম্পের প্রধান দরজায় দাঁড়িয়ে থাকে। কেউ এগিয়ে এলে তিনি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।