পেট্রলপাম্প ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের জন্য ধর্মঘট স্থগিত করেছে পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ দুপুর সোয়া ১২টার দিকে সচিবালয়ে সংকট নিরসনে জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক এবং প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক নেতারা।বেলা দুইটার দিকে বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক।তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে সারা দেশে পেট্রলপাম্পগুলোয় জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ট্যাংক-লরি দিয়েও ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়।নাজমুল হক প্রথম আলোকে জানান, ১৩ দফা দাবির মধ্যে চারটি দাবি সরকার তাত্ক্ষণিকভাবে মেনে নিয়েছে। তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ বাকি নয় দফা দাবির বিষয়ে সরকারি কর্মকর্তা, পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী সরকার যে চারটি দাবি মেনে নিয়েছে, সেগুলো হলো এখন থেকে পুলিশ রাস্তায় ট্যাংক-লরির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করবে না, জ্বালানি তেল নেওয়ার পর ডিপোতেই তা করা হবে। পাম্প ডাকাতি বন্ধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে মালিকদের। ট্যাংক-লরির বিদ্যমান টার্মিনালগুলোর সংস্কার করা হবে। পেট্রলপাম্পগুলোয় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে সে সময় জ্বালানি তেল কোম্পানিগুলোর প্রতিনিধি থাকবেন।উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, পরিষদের দাবি বাস্তবায়ন কীভাবে করা যায়, তা সুনির্দিষ্ট করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির সুপারিশ নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।একই দাবিতে দুই মাস আগে প্রতীকী ধর্মঘট করেন পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিকেরা।১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে তেল বিক্রির কমিশন ২ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা, পেট্রলপাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রতিটি ডিপোতে তেল পরীক্ষার জন্য ল্যাবরেটরি স্থাপন, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধ করা।