পেট্রলপাম্পে চলছে কর্মবিরতি
জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে জ্বালানি তেলের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও ট্যাংকলরির মাধ্যমে তা পরিবহন এবং পাম্পে পাম্পে তেল বিক্রি ও বিপণন বন্ধ রয়েছে।১৩ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি বাস্তবায়নে সেদিন ঐক্য পরিষদের নেতারা ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।বর্তমানে ডিজেল বিক্রিতে ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রল বিক্রিতে ৩ দশমিক ২৭ শতাংশ ও অকটেন বিক্রিতে ৩ দশমিক ৩০ শতাংশ কমিশন দেওয়া হয়।আজ ঐক্য পরিষদের নেতা রেজাউল করিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সারা দেশে পুরোদমে কর্মবিরতি পালিত হচ্ছে।’ কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো কোনো যোগাযোগ করা হয়নি।’তবে গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, ঐক্য পরিষদের সঙ্গে গত বৃহস্পতিবার বিপিসির বৈঠক হয়েছে। সোমবার জ্বালানি মন্ত্রণালয়ও বৈঠক ডেকেছে।ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে ডিজেল বিক্রিতে ৩ দশমিক ৪ শতাংশ, পেট্রল ও অকটেন বিক্রিতে ৪ শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, ট্যাংকলরির চালকদের প্রয়োজনীয় পরীক্ষা ও আনুষঙ্গিক কাগজ নিয়ে বিশেষ বিবেচনায় লাইসেন্স প্রদান ইত্যাদি।