পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি পূরণের আশ্বাস দেওয়ায় পেট্রলপাম্পে চলা ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার জ্বালানি মন্ত্রণালয়ে পরিষদের নেতাদের সঙ্গে সরকারের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক এ ঘোষণা দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজেলের প্রতি লিটারে কমিশন ২৫ পয়সা বাড়িয়ে এক টাকা ৭০ পয়সা, অকটেনে ৫০ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৫১ পয়সা, পেট্রলে ৪৯ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৩৬ পয়সা, কেরোসিনে ২০ পয়সা বাড়িয়ে ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ট্যাংকলরি ভাড়ার ক্ষেত্রে প্রথম ৪০ কিলোমিটারের মধ্যে কমিশন প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে বাড়ানো হয়েছে। জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ নয় দফা দাবিতে সারা দেশে গতকাল রোববার বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহনমালিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সারা দেশেই গতকাল ধর্মঘট পালিত হয়েছে।