পেট্রলের মূল্যবৃদ্ধি মমতার জন্য প্রথম ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই পেট্রলের মূল্যবৃদ্ধির ঘটনায় প্রথম ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার গত শনিবার রাত থেকে পেট্রলের দাম বাড়িয়েছে। সরকার গঠনের আগে এই ঘটনায় অনেকটা অস্বস্তিতে মমতা।কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৫ দশমিক ২১ রুপি। এ ছাড়া ডিজেল ও রান্নার গ্যাসের দামও বাড়ছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পেট্রলের দাম বাড়লেও মমতা নিরুত্তর, কোনো প্রতিক্রিয়া জানাননি। অথচ কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার আগে যতবার তেলের দাম বেড়েছে, ততবারই প্রতিবাদ করেছেন তিনি। করেছেন আন্দোলন, সভা-সমাবেশ।এদিকে গতকাল রোববার ঘোষণা দেওয়া হয়েছে, রাজ্যে বিদ্যুতেরও দামও বাড়ছে। বিরোধী শিবির থেকে বলা হচ্ছে, বিধানসভার নির্বাচনী বৈতরণী পার হতেই কেন্দ্রীয় সরকার এত দিন পেট্রলের দাম বাড়ায়নি। এখন নির্বাচন শেষ হতেই এর দাম বাড়ানো হয়েছে। মনমোহন সিং ২০০৯ সালে যখন দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন, তখন পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৪০ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৬৭ দশমিক ৭১ রুপি।তৃণমূল সূত্র থেকে জানা গেছে, মমতা চাইছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত থাকুন। এ জন্য তাঁদের আমন্ত্রণ জানাতে তিনি গতকাল রোববার রাতে নয়াদিল্লি গেছেন। আজ সোমবার তিনি সোনিয়া ও মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন।সংসদীয় দলের নেতা নির্বাচিত: গতকাল বিকেলে কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দলের সদ্য নির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক করেন মমতা। বৈঠকে তিনি রাজ্য বিধানসভার সংসদীয় দলের নেতা নির্বাচিত হন। উপনেতা নির্বাচিত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্য সচেতক হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।রেলমন্ত্রী থেকে ইস্তফা দেবেন আজ: তৃণমূল সূত্রে বলা হয়, মমতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারেন। পরে স্পিকারের সঙ্গে দেখা করে তাঁর হাতে লোকসভার সদস্য পদের ইস্তফাপত্র তুলে দেবেন।