পেট্রাউসের বিরুদ্ধে সিআইয়ের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) তাদের সদ্য পদত্যাগ করা ডেভিড পেট্রাউসের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে সিআইএ প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়ান। বিবিসি অনলাইনের আজ শুক্রবারের খবরে এ কথা জানানো হয়।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনা থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে, তবে সংস্থাটির উন্নতি সাধনে তারা সেটি গ্রহণ করবে। তবে তদন্তের ফলাফল কী হবে, তা আগে থেকে অনুমান করা সম্ভব নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।গোপনীয় কিছু তথ্য ফাঁসের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন পেট্রাউস ও সাবেক প্রেমিকা পলা ব্রডওয়েল। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে পেট্রাউস দাবি করেন, পলার কাছে তিনি কোনো গোপনীয় তথ্য ফাঁস করেননি।ওই সাক্ষাত্কারে পেট্রাউস আরও বলেন, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কারণে সিআইএ থেকে পদত্যাগ করেছেন; গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার জের ধরে নয়।লিবিয়ায় মার্কিন উপদূতাবাসে হামলার বিষয়ে আজ শুক্রবার ক্যাপিটল হিলে ডেভিড পেট্রাউসের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।এদিকে পেট্রাউসের বিরুদ্ধে সিআইয়ের এই তদন্ত কিছুটা বিপদে ফেলেছে আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর মার্কিন কম্যান্ডার জেনারেল জন অ্যালেনকে। তাঁর বিরুদ্ধেও জিল কেলি নামের এক নারীকে আবেগঘন ই-মেইল পাঠানোর অভিযোগ রয়েছে। তাঁর এসব ই-মেইল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইএ। বিবাহবহির্ভূত সম্পর্ক মার্কিন সামরিক আইনে নিষিদ্ধ।