পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে বনধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারতের বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টার ভারত বনধ শুরু হয়েছে। এ বনধের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটুসহ ভারতের নয়টি শ্রমিক সংগঠন।এর মধ্যে রয়েছে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। আইএনটিইউসি ভারতজুড়ে পেট্রোপণ্যসহ অন্যান্য দ্রব্যের মূল্যবৃদ্ধি মেনে নিতে না পেরে বাম শ্রমিক সংগঠনের সঙ্গে তারাও ভারত বনধের ডাক দিয়েছে।এই বনধের ফলে আজ তিনটি বামশাসিত রাজ্য—পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরার জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। অন্যান্য রাজ্যেও কমবেশি এই বনধের প্রভাব পড়েছে।পশ্চিমবঙ্গে বনধ সর্বাত্মক আকার নিয়েছে। রাস্তাঘাটে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা বন্ধ রয়েছে। দমদম বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থার সব বিমান চলাচলও বন্ধ রয়েছে, তবে হাওড়া শিয়ালদহ স্টেশনে ট্রেন চলছে। চলছে পাতাল রেলও।এদিকে এই বনধের বিরোধিতায় মাঠে নেমেছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তারা বনধের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ ও পিকেটিং করছে। সকালে বনধ পালন নিয়ে হুগলির ভদ্রেশ্বরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।তবে শ্রমিক সংগঠনগুলো এবারের ধর্মঘটের আওতা থেকে বাদ দিয়েছে রেল ও বিমান পরিসেবাকে। পবিত্র ঈদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুসলিম-অধ্যুষিত এলাকাকে বনধের আওতামুক্ত রাখা হয়েছে।উল্লেখ্য, গত ২৫ জুন কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের মূল্য বাড়িয়ে দিলে বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর ডাকে গত ২৬ জুন পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা এবং কেরালায় ১২ ঘণ্টা বনধ পালিত হয়। এ ছাড়া ২৮ জুন ১২ ঘণ্টার বনধ পালিত হয় ত্রিপুরায়। এরপর বাম দলের ডাকে গত ৫ জুলাই ভারতে ১২ ঘণ্টার বনধ পালিত হয়। একই দিন বিজেপির নেতৃত্বাধীন এনডিএও ভারত বনধ পালন করে।এর আগে ভারতের চারটি বাম দলসহ ধর্মনিরপেক্ষ ১৩টি রাজনৈতিক দলের ডাকে ভারতজুড়ে গত ২৭ এপ্রিল সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টার বনধ পালিত হয়েছিল। পেট্রোপণ্যসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওই বনধ পালিত হয়।