দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় তেল-গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা এবং আমেরিকান কোম্পানি কনোকো ফিলিপসের মধ্যে আলোচনা প্রায় তিন মাস পর কাল সোমবার আবার শুরু হচ্ছে। কনোকোর কিছু শর্তের কারণে এত দিন আলোচনা বন্ধ ছিল বলে জানা গেছে। গত বছরের ৫ থেকে ৮ অক্টোবর এই দুই পক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা হয়।সরকারি সূত্রগুলো জানায়, গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের মধ্যে ভারত ও মিয়ানমারের দাবি করা এলাকা বাদ দিয়ে অনুসন্ধানের সরকারি শর্ত মেনেই কনোকো ফিলিপস উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত এই আলোচনার পর নভেম্বরের প্রথম দিকে আবার আলোচনার কথা থাকলেও তা হয়নি। এত দিন তা বন্ধ থাকায় দেশের প্রয়োজন ও সরকারের পরিকল্পনা অনুযায়ী পিএসসি স্বাক্ষর করে এই বছর শুকনো মৌসুমে (নভেম্বর-মার্চ) সমুদ্রবক্ষে অনুসন্ধানের কাজ শুরু হচ্ছে না।আলোচনা শুরু প্রসঙ্গে আজ রোববার পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনুসর প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কনোকোর সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনায় দুই পক্ষেরই আলাদা অবস্থান থাকতে পারে। দেখা যাক কী ফল হয়। তবে চলতি শুকনো মৌসুমে বোধহয় কাজ শুরু করা সম্ভব হবে না।’কনোকোর দাবি, তারা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করে আটটি ব্লক পিএসসি স্বাক্ষরের জন্য যোগ্য বিবেচিত হয়েছে বলে পেট্রোবাংলা তাদের জানিয়েছিল। কিন্তু এখন তাদের বলা হচ্ছে, দুটি ব্লকে অনুসন্ধানের জন্য পিএসসি স্বাক্ষর করতে।