পেট্রোবাংলার সঙ্গে সিএনজি পাম্প-মালিকদের বৈঠক ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলা ও সিএনজি পাম্প স্টেশনের মালিকদের মধ্যকার বৈঠক আজ রোববার কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ফলে, সিএনজি পাম্প স্টেশনের মালিকদের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে সারা দেশের সিএনজি পাম্প স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হচ্ছে। প্রসঙ্গত, বিদ্যুত্সংকট এড়াতে এ বছরের ১৬ আগস্ট থেকে প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিএনজি পাম্প স্টেশনগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। গত ২ অক্টোবর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পাম্প স্টেশনের মালিকেরা সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। অন্যথায় ১ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন তাঁরা। এ ছাড়া স্টেশনের মালিকেরা লাইসেন্স ফি ১০ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করা, সিএনজি পাম্পে বৈদ্যুতিক ভলিয়্যুম মিটার স্থাপনসহ আরও ছয় দফা দাবি তোলেন। সমস্যা সমাধানে আজ রোববার পেট্রোবাংলা কর্তৃপক্ষ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আলোচনা বৈঠকের আয়োজন করে। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠক উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্য দিয়ে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাম্প স্টেশনের মালিকেরা পেট্রোবাংলা কর্তৃপক্ষকে দায়ী করেছেন। সংস্থার অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের দাবি মেনে না নিয়েই তাঁরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করতে বলছিলেন, যা গ্রহণযোগ্য নয়। আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী ধর্মঘট শুরু করব।’পেট্রোবাংলার চেয়ারম্যান হোসাইন মনসুর বলেন, ‘ছয় ঘণ্টা বন্ধ রাখার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পাম্প স্টেশনের মালিকদের স্বার্থসংশ্লিষ্ট নয়। এর ফলে তাঁদের বিক্রি কমেনি। তাই, ধর্মঘট ডাকা অযৌক্তিক।’ তবে সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানান। ইউএনবি