পেন্টাগনে বন্দুকধারীর গুলি, আহত দুই, বন্দুকধারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের প্রবেশপথে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর এএফপি ও রয়টার্স অনলাইনের।পেন্টাগনের পুলিশপ্রধান রিচার্ড এস কেভিল সাংবাদিকদের বলেন, জন প্যাট্রিক ব্যাডেল নামের ওই ব্যক্তি পেন্টাগনে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁর কাছে প্রবেশের অনুমতিপত্র দেখতে চান। এ সময় ব্যাডেল নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। নিরাপত্তাকর্মীরাও পাল্টা গুলি ছুড়লে ব্যাডেল আহত হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।স্থানীয় হাসপাতালের প্রধান বেভারলি ফিল্ডস বন্দুকধারী ব্যাডেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাতের পরপর ব্যাডেলকে হাসপাতালে আনা হয়।কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে সন্ত্রাসবাদের যোগসূত্র পাওয়া যায়নি, তবে যোগসূত্রের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে পার্শ্ববর্তী পাতাল রেলস্টেশনসংলগ্ন পেন্টাগনের প্রবেশমুখে গোলাগুলির এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পেন্টাগনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়, বন্ধ করে দেওয়া হয় পেন্টাগনের সব প্রবেশপথ। পরে স্টেশনসংলগ্ন প্রবেশপথটি বাদে অন্যগুলো খুলে দেওয়া হয়েছে। ওই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতিও বন্ধ করে দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার স্থানীয় গণমাধ্যম ওই বন্দুকধারীর নিহত হওয়ার খবর প্রচার করে। ৩৬ বছর বয়সী ব্যাডেল ক্যালির্ফোনিয়ার বাসিন্দা।এর আগে গোলাগুলির সত্যতা নিশ্চিত করে প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আহত দুই পুলিশ কর্মকর্তা এখন আশঙ্কামুক্ত।পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী গিট্টে লিল্লেলুন্ডের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পর ওই গোলাগুলির ঘটনা ঘটে। বৈঠকে দুই প্রতিরক্ষামন্ত্রী আফগান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তার মধ্যেও এ ধরনের ঘটনা ঘটল।