পেন্টাগনের গুপ্তচরবৃত্তির অভিযোগ চীনের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তি হাতিয়ে নিতে চীন গুপ্তচরবৃত্তির সাহায্য নিচ্ছে, পেন্টাগনের এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে চীন। রয়টার্স জানায়, পেন্টাগন গতকাল সোমবার এক প্রতিবেদনে চীনের তত্পরতার বিবরণ প্রকাশ করার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার তার প্রতিক্রিয়া জানায়।পেন্টাগনের দাবি, চীন তার সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য গুপ্তচরদের সহযোগিতায় তথ্য বের করছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কম্পিউটার নেটওয়ার্ক থেকে তথ্য চুরির জন্য পেন্টাগন এবারই প্রথমবারের মতো চীনকে দায়ী করেছে। তবে চীন এ অভিযোগের তীব্র প্রতিবাদও জানিয়েছে।পেন্টাগন গত সোমবার চীনের সামরিক শক্তির বিকাশের ওপর মার্কিন কংগ্রেসে ৮৩ পৃষ্ঠার এক প্রতিবেদন দাখিল করে। তাতে বলা হয়েছে, চীন উন্নত প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান তৈরির চেষ্টা করছে এবং ইতিমধ্যে যুদ্ধবিমানবাহী জাহাজ তৈরি করেছে। এর অর্থ হলো, চীন নিজ সীমানার বাইরে সামরিক প্রভাব বিস্তার করতে চাইছে।প্রতিবেদনে চীনের গোপন কার্যক্রমের বিষয়ে ‘গভীর শঙ্কা’ প্রকাশ করা হয়েছে। আরও বলা হয়েছে, ‘মার্কিন সরকারের ওপর যে লাগাতার (সাইবার) হামলা হচ্ছে, সেগুলোর পেছনে চীনা সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ আছে।’ চীন কার্যত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কম্পিউটার হ্যাক করে যুদ্ধাস্ত্র, সামরিক পরিকল্পনা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে তথ্য জোগাড় করতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে।এ প্রতিবেদনের প্রতিবাদে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানিং বলেন, চীনের যুদ্ধাস্ত্র তৈরির সাধারণ ও যৌক্তিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার দায়িত্বজ্ঞানহীনের মতো বক্তব্য দিয়ে আসছে এবং চীনের সামরিক ক্ষমতার বিকাশকে অযথাই ‘হুমকি’ হিসেবে দেখানোর চেষ্টা করছে।হুয়া বলেন, ‘এসব আচরণ চীন-মার্কিন যৌথ আস্থা ও সহযোগিতার জন্য মঙ্গলজনক নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এটা আবারও বলছি, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেই আছি।’ তিনি আরও বলেন, ‘নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্যই চীন তার সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।’হ্যাকিং প্রসঙ্গে হুয়া বলেন, ‘আমরা দৃঢ়ভাবে ভিত্তিহীন সমালোচনা ও গুঞ্জনের প্রতিবাদ জানাই। কারণ ভিত্তিহীন সমালোচনা ও গুঞ্জনের কারণে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়।’