পেপসির নতুন প্রচারণায় ‘পপ কিং’
পেপসির কয়েকটি নতুন বিজ্ঞাপনচিত্রে পপসম্রাট প্রয়াত মাইকেল জ্যাকসনের গানের পাশাপাশি তাঁর ছবিও ব্যবহার করা হবে। এরই মধ্যে মাইকেল জ্যাকসন এস্টেটের সঙ্গে যৌথভাবে ‘লিভ ফর নাউ’ শীর্ষক প্রচারাভিযানের কাজও শুরু করে দিয়েছে পেপসি। বিশ্বের বিভিন্ন দেশে চালানো হবে নতুন এই বিজ্ঞাপনের প্রচারাভিযান।বিশ্বব্যাপী এ প্রচারণের অংশ হিসেবে ১০০ কোটি বিশেষ ধরনের ক্যান বাজারে ছাড়বে পেপসি। ক্যানগুলোতে জ্যাকসনের অন্ধকারাচ্ছন্ন প্রতিচ্ছবি সেঁটে দেওয়া হবে। জ্যাকসনের জনপ্রিয় কয়েকটি নাচের মুদ্রার প্রতিচ্ছবিও ঠাঁই পাবে সেগুলোতে।বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি প্রতিযোগিতারও আয়োজন করা হবে। পপসম্রাটের সর্বাধিক জনপ্রিয় কিছু গানের রিমিক্স ডাউনলোডের সুযোগও দেওয়া হবে জ্যাকসন ভক্তদের। সাম্প্রতিক এক খবরে এমন সব তথ্যই প্রকাশ করেছে এবিসি নিউজ।আশির দশকে পেপসির ‘দ্য চয়েস অব নিউ জেনারেশন’ প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন জ্যাকসন। আর এবার ‘লিভ ফর নাউ’ শীর্ষক প্রচারাভিযানের মাধ্যমে আবারও পপসংগীতের এই কিংবদন্তিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পেপসি।১৯৮৮ সালে প্রকাশিত জ্যাকসনের ‘ব্যাড’ অ্যালবামের ২৫ বছর পূর্তির কাছাকাছি সময়েই এই নতুন প্রচারাভিযানের কাজ হাতে নিয়েছে পেপসি। এর অংশ হিসেবে আগামী সপ্তাহেই নতুন একটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু হচ্ছে।উল্লেখ্য, ১৯৮৪ সালে পেপসির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং চলাকালে দুর্ঘটনাবশত জ্যাকসনের চুলে আগুন ধরে গিয়েছিল। তাঁর জীবনে বড় ধরনের পরিবর্তনের জন্য দায়ী করা হয় এ দুর্ঘটনাকে। ঘটনার ১০ বছর পর ১৯৯৪ সালে জ্যাকসন জানান, ‘দুর্ঘটনাটির পর থেকে আজ অবধি চিকিত্সকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করতে হচ্ছে আমাকে।’